ছাত্রশিবিরের দুই নেতাকে অব্যাহতি দিলেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবদুল জব্বার ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। নিঃশর্ত ক্ষমা চাওয়ায় তাঁদের শুধু সতর্ক করেছেন আদালত।
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। ট্রাইব্যুনাল আদেশে বলেন, ভবিষ্যতে ট্রাইব্যুনাল ও এর বিচারিক কার্যক্রম সম্পর্কে বিরূপ মন্তব্য করা থেকে ছাত্রশিবির নেতারা যেন বিরত থাকেন।
চলতি বছরের শুরুতে জামায়াত-ছাত্রশিবিরের পাঁচ নেতা এবং জামায়াত নেতাদের এক আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। এই ছয়জন হলেন: জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, নায়েবে আমির মজিবুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, ছাত্রশিবিরের সভাপতি আবদুল জব্বার ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান এবং জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলাম। ১২ জানুয়ারি তাঁদের কাছে ব্যাখ্যা জানতে চান ট্রাইব্যুনাল। নিঃশর্ত ক্ষমা চাওয়ায় গত ৪ মে আইনজীবী তাজুল ইসলাম ও জামায়াতের তিন নেতাকে ক্ষমা করে দেন ট্রাইব্যুনাল।
তবে দুই শিবির নেতার জবাব গ্রহণযোগ্য না হওয়ায় তাঁদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেন। এরপর শিবির নেতাদের পক্ষে রুলের জবাব দেন আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। আরেক আইনজীবী শিশির মনির শিবিরের দুই নেতার পক্ষে নিঃশর্ত ক্ষমা চান। এরপর গতকাল ট্রাইব্যুনাল ওই রুল নিষ্পত্তি করে আদেশ দেন।
গত বছরের ৩০ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-১। ওই রায়ের প্রতিবাদে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াত। সেই সঙ্গে জামায়াত-শিবিরের শীর্ষ নেতারা ট্রাইব্যুনালের রায় নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানান। ৩১ ডিসেম্বর জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রাম পত্রিকায় এসব প্রতিক্রিয়া ছাপা হয়। এ ছাড়া আইনজীবী তাজুল ইসলাম রায়ের প্রতিক্রিয়ায় বিরূপ মন্তব্য করেন।