ছাত্রশিবিরের দুই নেতাগ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুলিশ গত শনিবার রাত সাড়ে আটটার দিকে ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আমির হোসাইন (২৮) ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাছির উদ্দিন (২৫)। গতকাল রোববার সকালে তাঁদের ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

জানা গেছে, আমির ও নাছির শনিবার রাত কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামে দলীয় কার্যক্রম শেষে মোটরসাইকেলে করে ফিরছিলেন। পথে কসবা-নয়নপুর সড়কের টি আলী বাড়ি মোড় থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

আমির হোসাইন নবীনগর উপজেলার মাঝিকারা গ্রামের আউয়াল মিয়ার ছেলে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র। তাঁর বিরুদ্ধে নবীনগর থানায় একটি ভাঙচুর মামলা রয়েছে। নাছির উদ্দিন কসবার গোপীনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। তিনি কসবার আড়াইবাড়ি কামিল মাদ্রাসায় ফাজিল প্রথম বর্ষের ছাত্র। তাঁর বিরুদ্ধে কসবা থানায় তিনটি মামলা রয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার জানান, তাঁরা পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত—এ রকম ছবি পুলিশের হাতে আছে।