ছাত্রশিবিরের নেতা বহিষ্কার
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) থেকে একজন শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। মোহাম্মদ লোকমান নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতা। তিনি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে মোহাম্মদ লোকমানের আপত্তিকর মন্তব্য করার ঘটনা তদন্তের জন্য পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান এ টি এম কাউসার জামিলকে সভাপতি করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটি লোকমানকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর তাঁর চারিত্রিক সনদে এ শাস্তির কথা উল্লেখ করা হবে বলেও কমিটি সিদ্ধান্ত নেয়।গত ২৬ মার্চ ফেসবুকে প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে লোকমান আপত্তিকর মন্তব্য করেন। ঘটনার জের ধরে ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। পুলিশ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতিসহ পাঁচজন শিবিরকর্মীকে আটক করে। পরে এ ঘটনায় ছাত্রলীগ মামলা করে।