সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের দুই নেতার ওপর চোরাগোপ্তা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের দুজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন শাহপরান থানা শাখার সভাপতি ইসলাম উদ্দিন ও জামায়াতের কর্মী সৈয়দ ফরহাদ। গত শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরের লামাপাড়া এলাকা থেকে ইসলাম উদ্দিনকে ও রাতে টিলাগড় এলাকা থেকে ফরহাদকে আটক করা হয়। সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেপ্তার করে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টায় ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পরীক্ষা দিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় নগরের বালুচর এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত হন ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হাসান (২৪) ও সাংগঠনিক সম্পাদক নির্মল পাল (২৩)। দুজনই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁরা বর্তমানে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।