ছাত্রশিবিরের মেসে বঙ্গবন্ধুর ছবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে ছাত্রশিবিরের নিয়ন্ত্রণাধীন শিক্ষার্থীদের মেসগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো হচ্ছে। অনেক জায়গায় মেসের সাইনবোর্ড খুলে ফেলা হচ্ছে। পুলিশের অভিযান থেকে রক্ষা পেতে এমন কৌশল নেওয়া হচ্ছে বলে এসব মেসে বসবাসকারী শিক্ষার্থীদের অনেকে জানিয়েছেন।নগরের কলেজপাড়া এলাকার একটি মেসের মালিক লোকমান মিয়া জানান, মেসের শিক্ষার্থীরা হঠাৎ করে বঙ্গবন্ধুর ছবি কেনা শুরু করেছেন। মেসের প্রতিটি কক্ষে ওই ছবি ঝুলিয়ে রাখা হচ্ছে। একই এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক আরেক মেস মালিক জানান, সাম্প্রতিক পরিস্থিতির কারণে মেস একেবারে খালি হয়ে গিয়েছিল। ক্লাস, পরীক্ষাসহ নানা কারণে কয়েক দিন থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন। তবে এখন তাঁরা বঙ্গবন্ধুর ছবি কিনে রাখছেন। পরিবেশ-পরিস্থিতি বুঝে তা টাঙানো হবে।নগরের কামারপাড়া এলাকার নামবিহীন একটি মেসে বসবাসকারী কারমাইকেল কলেজের শিক্ষার্থী আতোয়ারুজ্জামান বলেন, ‘পুলিশের ভয়ে বাড়ি চলে গিয়েছিলাম। এখন ফিরে এসেছি। তবে মেস চালানোর স্বার্থেই মালিকেরা শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর ছবি ঘরে টাঙিয়ে রাখার অনুরোধ করছেন।’পুলিশ সূত্র জানায়, রংপুর শহরের বিভিন্ন পাড়ামহল্লায় প্রায় দেড় হাজার মেসের মধ্যে দুই শতাধিক মেসের সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে। ফলে শিবিরনিয়ন্ত্রিত মেসগুলো চিহ্নিত করা যাচ্ছে না।রংপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, শহরের সব মেসে একাধিকবার অভিযান চালানো হয়। এসব মেস থেকে অনেককে গ্রেপ্তারও করা হয়। দুই শতাধিক মেস থেকে সাইনবোর্ড খুলে ফেলায় এখন সেগুলো চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। বঙ্গবন্ধুর ছবি টাঙানোর বিষয়টি তিনি শুনেছেন।পুলিশ সূত্র জানায়, কারমাইকেল কলেজ, রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজের আশপাশসহ শহরের বিভিন্ন পাড়ামহল্লায় শিক্ষার্থীদের বসবাসের জন্য প্রায় দেড় হাজার মেস রয়েছে। এসব মেসের শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহে রাখতে ২০১০ সালের জুনে পুলিশের পক্ষ থেকে মেস মালিকদের ফরম দেওয়া হয়। সেই ফরমে শিক্ষার্থীর ছবিসহ ঠিকানা ও কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কোন বিভাগে পড়ছেন, তা উল্লেখ থাকবে। এ ছাড়া কোনো শিক্ষার্থী মেস থেকে কবে চলে যাচ্ছেন—তারও হিসাব থাকছে। মেসে নতুন শিক্ষার্থী এলে তা-ও জানা যাবে। প্রকৃত অপরাধীদের সহজে খুঁজে পেতে এমন উদ্যোগ নেওয়া হয়।রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রশিদুল হাসান প্রথম আলোকে বলেন, মেসগুলো পুলিশের পর্যবেক্ষণে রয়েছে।