ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান বিশ্বাসকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ছাত্রশিবিরের দাবি, গতকাল মঙ্গলবার রাতে তাঁকে আটক করা হয়েছে। তবে আজ বুধবার বিকেল পর্যন্ত তাঁকে আটকের কথা স্বীকার করেনি পুলিশ।

আজ বিকেলে জানানো হয়, গোয়েন্দা পুলিশের দল আনিসুর রহমানকে নিয়ে অভিযানে বাইরে রয়েছে। তাঁর নামে পুলিশ হত্যাসহ প্রায় ২০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিবিরের রাজশাহী মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান ও শিবিরের কর্মী শহীদুল্লাহ প্রতিদিনের মতো মঙ্গলবার কর্মসূচি শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। রাত ১১টার দিকে পুলিশ তাঁদের গতি রোধ করে গ্রেপ্তার করে নিয়ে যায়।

আনিসুর রহমানকে আটকের ব্যাপারে আজ সকাল ১০টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘না, এ রকম কোনো খবর নেই। থাকলে সাংবাদিকদের চা খাইয়ে জানিয়ে দিতাম।’

শিবিরের সংবাদ বিজ্ঞপ্তির ব্যাপারে বিকেলে সাইদুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি, স্বীকার করেন আনিসুর রহমান গোয়েন্দা পুলিশের হাতে রয়েছে। একটি দলের সঙ্গে অভিযানে বাইরে আছেন তিনি।
কখন আনিসুর রহমানকে গ্রেপ্তার দেখানো হবে জানতে চাইলে সাইদুর রহমান বলেন, ‘মাঠ থেকে নিয়ে আসার পর আনিসুরকে গ্রেপ্তার দেখানো হবে। তাঁর নামে প্রায় ২০টি মামলা রয়েছে।’

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ সদস্য সিদ্ধার্থ হত্যা, নগরের শালবাগানে পুলিশ সদস্য জাহাঙ্গীরের ওপর হামলা ও রাজশাহী কলেজের পুলিশের
ওপরে হামলার মামলাসহ আনিসুরের নামে বোয়ালিয়া থানাতেই ছয়টি মামলা রয়েছে। আরও ১০-১৫টি মামলার অজ্ঞাতনামা আসামিদের মধ্যে তিনি রয়েছেন।
এদিকে, ছাত্রশিবিরের রাজশাহী মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখা যৌথ বিবৃতিতে অবিলম্বে আটক শিবির সভাপতির নিঃশর্ত মুক্তি দাবি করে।