ছাত্রশিবিরের সভাপতিসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
মতিঝিল থানায় করা দ্রুত বিচার আইনের একটি মামলায় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি দেলাওয়ার হোসেনসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আদালত আগামী ২৬ জুন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার আদালত-৬-এর বিচারক শাহারিয়ার মাহমুদ আদনান এই আদেশ দেন। গতকাল আসামি দেলাওয়ার হোসেন চিকিৎসাসুবিধা চেয়ে আবেদন করলে আদালত কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। গতকাল এ মামলায় কারাগারে আটক ৪৬ জনকে আদালতে হাজির করা হয়। তাঁরা নিজেদের নির্দোষ দাবী করে ন্যায়বিচার চান। গাড়ি ভাঙচুর করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে গত ২৮ জানুয়ারি মতিঝিল থানায় এ মামলা দায়ের করে পুলিশ। পুলিশ তদন্ত শেষে গত ৬ ফেব্রুয়ারি ৫১ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২৮ জানুয়ারি মতিঝিল সিটি সেন্টারের সামনে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে শিবিরের একটি মিছিল থেকে পুলিশের ওপর আক্রমণ করা হয়। এ সময় রাস্তায় গাড়ি ভাঙচুর করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। এই অভিযোগে এ মামলা করা হয়েছে।