ছাত্রশিবিরের হুমকির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার প্রথম বর্ষের ১০৩ নম্বর কোর্সের পরীক্ষা হওয়ার কথা থাকলেও অধিকাংশ শিক্ষার্থীর অনুপস্থিতির কারণে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। এদিকে, গতকাল রাত নয়টার দিকে নগরের সিনেমা প্যালেস থেকে ক্যাম্পাসগামী একটি শিক্ষকবাসের ইঞ্জিনে কে বা কারা সুপার গ্লু (এক জাতীয় আঠা) লাগিয়ে দেওয়ায় বাসটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে শিক্ষকেরা নির্ধারিত সময়ে ক্যাম্পাসে ফিরতে পারেন নি। ধারণা করা হচ্ছে ধর্মঘটের অংশ হিসেবে ছাত্রশিবিরের কর্মীরা এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সিরাজ উদ-দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রত্যেকের মুঠোফোনে ফোন করে পরীক্ষায় অংশগ্রহণ না করার হুমকি দেওয়া হয়েছে। এতে আতঙ্কিত হয়ে অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষা দিতে আসেনি। এ জন্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে।’লোকপ্রশাসন বিভাগের কয়েকজন শিক্ষার্থী বলেন, ছাত্রশিবিরের নামে অজ্ঞাতপরিচয় কয়েকজন মুঠোফোনে পরীক্ষায় অংশগ্রহণ না করার জন্য হুমকি দেন। পরীক্ষা দিতে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।তবে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মুহাম্মদ আশিকুল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, এর সঙ্গে ছাত্রশিবিরের সম্পৃক্ততা নেই। বিভাগ সূত্রে জানা গেছে, লোকপ্রশাসন বিভাগের প্রথম বর্ষে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪১। কিন্তু উপস্থিত ছিলেন মাত্র ৪১ জন।লোকপ্রশাসন বিভাগের সভাপতি কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী প্রথম আলোকে বলেন, ‘একটি ছাত্রসংগঠনের হুমকিতে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। তাই তাদের কথা চিন্তা করে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।’এদিকে, ছাত্রশিবিরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রশিবিরের ডাকা ধর্মঘটের কারণে শনিবার বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।