ছাত্রশিবিরের ৮ নেতা-কর্মী আটক অস্ত্র, গুলি উদ্ধার
ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারিসহ শিবিরের আট নেতা-কর্মীকে আটক করেছে র্যাব। রাজশাহী নগরের একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার ভোররাতে তাঁদের আটক করা হয়। এ সময় র্যাব সেখান থেকে একটি পিস্তল, আটটি গুলি, ১৩টি ককটেল, দেশীয় অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করেছে।
গতকাল দুপুরে র্যাবের রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আটক ব্যক্তিদের হাজির করা হয়। তাঁরা হলেন শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহিয়া, শিবিরের কর্মী আরিফুল ইসলাম, আবদুল কাদের, মিনহাজুল ইসলাম, আবু ছায়েম, কবির হেসেন, আরিফুর রহমান ও মতিউর রহমান।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান বলেন, শিবিরের নেতা সাইফুদ্দিন ইয়াহিয়া গত ৫ নভেম্বর, ১ এপ্রিল ও ৩১ মার্চ পুলিশের ওপর হামলার ঘটনায় সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়সহ নগরের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বা পরিকল্পনাকারী হিসেবে ছিলেন। তাঁর নামে একটি হত্যাসহ ৪২টি মামলা রয়েছে। এক জায়গায় বেশিক্ষণ না থাকার কারণে তাঁকে এত দিন ধরা যাচ্ছিল না।
র্যাব কর্মকর্তা বলেন, অভিযান চালানোর সময় সাইফুদ্দিনের কাছ থেকে পিস্তল ও গুলি পাওয়া গেছে। কোচিং সেন্টারের ভেতর উদ্ধার করা হয়েছে অন্যান্য অস্ত্র।