ছাত্রশিবিরের ‘দৌড়’ মিছিল, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কর্মপরিষদ ও মজলিসে শুরার সদস্য, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সাংসদ সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বুধবার রাত আটটায় ঝটিকা ‘দৌড়’ মিছিল করে কুমিল্লা মহানগর ছাত্রশিবির। পাঁচ মিনিট স্থায়ী ওই মিছিল কান্দিরপাড় পূবালী চত্বর থেকে নগরের মনোহরপুরের হোটেল সালাউদ্দিন মোড়ে গিয়ে শেষ হয়। ওই সময়ে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা দুটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। শিবিরের মহানগর কমিটির সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক মনির আহমেদের নেতৃত্বে ওই মিছিল বের হয়। কান্দিরপাড় ও লাকসাম সড়ক এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন। পুলিশ আসার আগেই দৌড় মিছিলটি জনতার সঙ্গে মিশে যায়। মহানগর শিবিরের সভাপতি কামরুজ্জামান বলেন, ‘তাহের ভাইকে গ্রেপ্তার করার প্রতিবাদে ওই মিছিল হয়। কারা গাড়ি ভাঙচুর করেছে, জানি না।’ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, হঠাত্ করেই ছাত্রশিবির ‘দৌড়’ মিছিল করে।