ছাত্রসংগঠনগুলোকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিহার করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতির বৃহত্তর স্বার্থে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিহার করতে ছাত্রসংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) চতুর্থ সমাবর্তনে তিনি এই আহ্বান জানান।জিল্লুর রহমান বলেন, ছাত্ররাজনীতির নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যা ঘটছে, তা দেখে সমগ্র জাতি ব্যথিত ও মর্মাহত। দেশে হাজার বছরের সম্প্রীতির যে ঐতিহ্য, ছাত্রসংগঠনগুলোকে তা লালনের পরামর্শ দেন রাষ্ট্রপতি। খবর: ইউএনবি ও বাসসের।রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো অতীতে জাতির গঠনমূলক কর্মকাণ্ডে ব্যাপক অবদান রেখেছে। বিশেষ করে ’৫২-এর ভাষা আন্দোলন, ’৬৯-এর গণ-অভ্যুত্থান ও স্বাধীনতাযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে ছাত্রসংগঠনের ভূমিকা জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।রাষ্ট্রপতি আরও বলেন, ‘তাদের কর্মকাণ্ডে আজ আমরা গর্ববোধ করি। তখন ছাত্র-আন্দোলনের লক্ষ্য ছিল জাতির বৃহত্তর স্বার্থ রক্ষা করা।’জিল্লুর রহমান বলেন, ‘যদিও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন মতপার্থক্য থাকে এবং সেটাই স্বাভাবিক, তবে জাতীয় স্বার্থের বেলায় সবাইকে একমত হতে হবে।’ তিনি বলেন, ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে সবার চিন্তাভাবনা হওয়া উচিত উত্পাদনমুখী এবং অবশ্যই তা হতে হবে মানুষের কল্যাণে।’ বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, ছাত্রছাত্রীদের জন্য আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক সময়োপযোগী শিক্ষার ব্যবস্থা করতে হবে, যাতে আন্তর্জাতিক পর্যায়ে তারা পিছিয়ে না পড়ে।নতুন গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে তাঁদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, অর্জিত জ্ঞান যেন শুধু চাকরিকেন্দ্রিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হয়ে না পড়ে। তিনি বলেন, ‘মনে রাখবেন, এই সমাবর্তন আনুষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘোষণা করে না, বরং তা জ্ঞানরাজ্যের প্রবেশদ্বার উন্মোচন করে।’বিশ্ববিদ্যালয়ের এবারের সমাবর্তনে বিভিন্ন অনুষদের ৫০২ জন গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট অংশ নেন। বিশেষ সাফল্যের জন্য এঁদের মধ্যে তিনজনকে চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়। এবারে সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জাস্টিন লি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মতিন পাটোয়ারী ও ইউনিভার্সিটি ফাউন্ডেশনের সভাপতি এম আবু তাহের অনুষ্ঠানে বক্তব্য দেন।