ছাত্রসংগঠনগুলোর সংঘর্ষ ভোগান্তি শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন পরই চূড়ান্ত পরীক্ষা। তাই এই সময়ে পড়ার টেবিলে ব্যস্ত থাকার কথা এনাম ইরফানের। কিন্তু তাঁর বদলে তাঁকে শহরের অলিগলিতে ঘুরতে হচ্ছে বাসা খোঁজার তাগিদে। শুধু আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্র ইরফান নন, তাঁর মতো শাহ আমানত আবাসিক হলে থাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরাও এমন দুর্ভোগে পড়েছেন।
গত রোববার ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে এক শিবির নেতা নিহত হওয়ার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ওই হলটি বন্ধ ঘোষণা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হল থেকে সব শিক্ষার্থীকেও সরিয়ে দেয় কর্তৃপক্ষ। এ কারণেই তাঁদের এই ভোগান্তি।
শুধু গত রোববারের ঘটনা নয়, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘটিত প্রায় প্রতিটি সংঘর্ষের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের এভাবে দুর্ভোগে পড়তে হয়। পাশাপাশি এসব ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের একদিকে যেমন উটকো ঝামেলায় পড়তে হচ্ছে, তেমনি বিভাগ-ইনস্টিটিউটগুলোতেও বাড়ছে শিক্ষাজট।
২০১২ সালের ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে দুই শিবির নেতা নিহত হন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন দফায় ৪০ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ রাখে। বন্ধ শেষে বিশ্ববিদ্যালয় খুললেও শিবিরের নানা ধরনের অপ্রীতিকর কর্মকাণ্ডে আরও ১৮ দিন বিশ্ববিদ্যালয় কার্যত বন্ধ থাকে। এই সময় বিশ্ববিদ্যালয়ের ৩০ বিভাগ ও ইনস্টিটিউটের ৬৫টি বর্ষের চূড়ান্ত পরীক্ষা পেছানো হয়। এতে ওই সব বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় মাসের সেশনজটে পড়েন।
এর আগে স্থানীয়দের ছুরিকাঘাতে ২০১০ সালের ১৬ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছাত্রলীগের কর্মী আসাদুজ্জামান। এই ঘটনায় ছাত্রলীগের অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা হয়নি ১৫ দিন। আওয়ামী সমর্থিত সরকার দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর পরই ২০০৯ সালের শুরুতেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ দিনের মতো বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। সর্বশেষ গত রোববারের ছাত্র সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা না করলেও কার্যত বন্ধ আছে।
অর্থনীতি বিভাগের নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চলতি মাসের ২৫ তারিখে তৃতীয় বর্ষের মান উন্নয়ন পরীক্ষা আছে। কিন্তু গত রোববারের ঘটনায় ক্যাম্পাসে অবস্থান করা নিরাপদ মনে করছি না। তাই ঘটনার দিনই ভয়ে ক্যাম্পাস ছেড়ে শহরে চলে এসেছি। তাড়াহুড়া করে আসতে হয়েছে বলে, প্রয়োজনীয় বইপত্রও নিয়ে আসতে পারেনি। রাজনৈতিক সংগঠনগুলো তাদের স্বার্থ হাসিলের জন্য এ ধরনের ঘটনা ঘটিয়ে যাবে, আর বিপদে পড়ব আমরা এ কেমন কথা?’
আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারহানা শারমিন বলেন, ‘ছাত্রসংগঠনগুলোর অভ্যন্তরীণ সংঘর্ষের কারণেই আমরা সাধারণ শিক্ষার্থীরা নিয়মিত ভোগান্তিতে পড়তেছি। এসব ঘটনায় ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় আমাদের শিক্ষাজীবন দীর্ঘ হচ্ছে, তেমনি পরিবারের সদস্যরাও আমাদের ক্যাম্পাসে পাঠাতে ভয় পায়। এসব ঘটনা কঠোর হস্তে দমন করা দরকার।’