ছাত্রসংগঠনগুলোর সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবদমান ছাত্রসংগঠনগুলোর নেতাদের সঙ্গে আজ বুধবার বৈঠক শুরু করছে ‘লিয়াজোঁ কমিটি’। ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে কমিটির কাজ শুরু হবে। কমিটির সদস্যরা পর্যায়ক্রমে অন্য ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বৈঠক করবেন।লিয়াজোঁ কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক খান তৌহিদ ওসমান প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসে সক্রিয় সব ছাত্রসংগঠনের সঙ্গে আমরা বৈঠক করব। ইতিমধ্যে সব ছাত্রসংগঠনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করি, বিশ্ববিদ্যালয় খোলার স্বার্থে সব ছাত্রসংগঠন সহযোগিতা করবে।’৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে দুই ছাত্র নিহত হন। এ ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় ১০ সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন করে বিবদমান সব ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য তাঁদের দায়িত্ব দেওয়া হয়। কমিটি সূত্রে জানা গেছে, লিয়াজোঁ কমিটি কাল বৃহস্পতিবার ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের সঙ্গে বৈঠক করবে।