ছাত্রসংগঠনের হানাহানিতে এ পর্যন্ত ১৬ জনের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার পর গত ৪৩ বছরে ছাত্রসংগঠনগুলোর অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ-হানাহানিতে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাণ হারিয়েছেন ১৬ জন। এসব প্রাণহানি ছাড়াও নানা ইস্যুতে বিভিন্ন সময় মোট ৩৬ মাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ও ক্লাস-পরীক্ষা বর্জনের ঘটনা ঘটেছে। আর এসবের খেসারত দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে প্রথম হত্যাকাণ্ডটি ঘটে স্বাধীনতার পর ১৯৭৩ সালে। সে সময় ছাত্র-শিক্ষক-কর্মচারী ত্রিপক্ষীয় সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন রঞ্জিত নামের একজন ছাত্র। ঘটনায় ক্যাম্পাস বন্ধ থাকে এক মাস। ১৯৭৭ সালে কৃষিবিদদের পদমর্যাদা প্রথম শ্রেণী থেকে নামিয়ে দ্বিতীয় শ্রেণীতে করা হলে এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে ছয় মাস। স্বৈরাচারী এরশাদের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের প্রতিবাদে ১৯৮২ সালে আন্দোলনে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এর জের ধরে শিক্ষার্থীদের জোরপূর্বক হল থেকে বের করে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয় ছয় মাস। এরপর ’৯০ সাল পর্যন্ত এরশাদের পুরো সময়কালে ক্যাম্পাস বন্ধ থাকাটা পরিণত হয় এক সাধারণ ঘটনায়। এ সময়ের মধ্যে ১৯৮৩ সালের ১১ জানুয়ারি প্রতিপক্ষের গুলিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক এ টি এম খালেদ নিহত হন। এ ঘটনার জের ধরে পরদিন সংঘটিত সংঘর্ষে ছাত্রলীগের তিন নেতা শওকত, ওয়ালী ও মহসীন প্রথমে বেধড়ক পিটুনি ও পরে গুলিতে নিহত হন। ঘটনাটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে প্রায় পাঁচ মাস।
১৯৯৩ থেকে ’৯৬ সালের মধ্যে বিভিন্ন কারণে ছয় মাস বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ১৯৯৩ সালে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে নিহত হন রেজাউর রহমান নামের একই সংগঠনের এক কর্মী। এতে ক্যাম্পাস বন্ধ হয়ে যায় দুই মাস।
গত বছরের ১৯ জানুয়ারি ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা, টেন্ডারবাজি ও নিয়োগ-বাণিজ্য নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে রাব্বি (১০) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় এক মাস আট দিন বন্ধ থাকে। সর্বশেষ ১ এপ্রিল সায়াদ ইবনে মোমতাজ নামের ফিশারিজ অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা নিজ সংগঠনের কয়েকজন নেতা-কর্মীর পিটুনিতে নিহত হন। এ ঘটনার পরের দিন থেকে সব অনুষদের ক্লাস-পরীক্ষা আজ অবধি (গতকাল রোববার) বন্ধ রয়েছে।
এ ব্যাপারে উপাচার্য মো. রফিকুল হক বলেন, ‘আমরা এক যুগেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত রেখেছি। সেশনজটমুক্ত এই অবস্থা বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান, তাঁরা যেন ক্লাস-পরীক্ষায় ফিরে আসেন। তাঁদের সব দাবি-দাওয়া মেনে নেওয়া হবে।’