ছয় বছর পর নরসিংদী সরকারি কলেজ ছাত্রসংসদের নির্বাচন হতে যাচ্ছে ২৯ জুন। কলেজে গত রোববার এক সভার পর এ তারিখ ঘোষণা করা হয়। নির্বাচনের তারিখ ঘোষণার পরই বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা নিজেদের সম্ভাব্য প্রার্থীর পক্ষে প্রচারণা শুরু করেছেন।নরসিংদী সরকারি কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এই কলেজে বর্তমানে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী আছেন। কলেজ কর্তৃপক্ষ সম্প্রতি ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে রোববার কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে জেলার সর্বদলীয় রাজনৈতিক নেতাদের নিয়ে সভা হয়। কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ নজরুল ইসলাম বীর প্রতীক। সভায় বলা হয়, কলেজে ছাত্রসংসদ কার্যকর না থাকায় শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। স্থবিরতা কাটিয়ে উঠতে ছাত্রসংসদকে কার্যকর করা প্রয়োজন। সহসভাপতি (ভিপি) পদে নির্বাচন করতে মাঠে আছেন ছাত্রদল নরসিংদী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক শরীফ আহমেদ। তিনি বলেন, নির্বাচনে অংশ নিতে ছাত্রদল প্রস্তুত। এরই মধ্যে সংগঠনের পক্ষে প্রচারণা শুরু হয়ে গেছে। সম্ভাব্য প্রার্থীরা ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।মাঠে আছে ছাত্রলীগও। এই সংগঠন থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেতে আগ্রহী নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া। তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা ছাত্রসংসদের ফি পরিশোধ করলেও সেবা পাচ্ছেন না। সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলায় স্থবিরতা দেখা দিয়েছে। ছাত্রসংসদ থাকলে সাধারণ ছাত্রছাত্রীরা উপকৃত হবেন। তাই ছাত্রলীগ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।নির্বাচন কমিশনার অধ্যাপক মো. ইসমাইল তপাদার বলেন, ‘নির্বাচন সম্পন্ন করার শেষ সময় ৩০ জুন। তাই ২৯ জুন নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছি।’সভায় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ রোকেয়া আহমেদ লাকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর এলাহী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিঞা মো. সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমির আ ফ ম আবদুস ছাত্তার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, জেলা ছাত্রদলের সভাপতি দীপক কুমার বর্মণ, কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রনি মোল্লা, কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ প্রমুখ।