নরসিংদী সরকারি কলেজ ছাত্রসংসদ নির্বাচন পরিচালনার ওপর কেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না—এই মর্মে কারণ দর্শাও নোটিশ দিয়েছেন আদালত। নোটিশের দুই দিনের মধ্যে নির্বাচন কমিশনার ইসমাইল তপাদার, কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক ও জেলা প্রশাসক অমৃত বাড়ৈকে জবাব দিতে বলা হয়েছে।জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ খায়রুল কবির খোকনের সমর্থক ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মনিরুল ইসলাম রোমানের আবেদনের পরিপ্রেক্ষিতে নরসিংদী আদালতের জ্যেষ্ঠ সহকারী বিচারক আবেদা সুলতানা গত বুধবার এ নোটিশ দেন।মনিরুল ইসলাম আবেদনে উল্লেখ করেছেন, গত রোববার সকালে কলেজ থেকে বাসায় ফেরার পথে প্রতিপক্ষ প্যানেলের সন্ত্রাসীরা অস্ত্র ঠেকিয়ে তাঁকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। সন্ত্রাসীরা তাঁকে হত্যার হুমকি দিয়ে দুটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে রাত ১০টার দিকে ছেড়ে দেয়। পরদিন নির্বাচন কমিশনার জানান, তিনি নির্বাচন করতে পারবেন না। মনিরুল তাঁর আবেদনে তাঁকে বৈধ প্রার্থী ঘোষণা এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন। তিনি বলেন, প্রার্থিতা প্রত্যাহারের জন্য তিনি কোনো লিখিত আবেদন করেননি। জোর করে প্রার্থিতা প্রত্যাহারপত্রে তাঁর স্বাক্ষর নেওয়া হয়েছে। তাই নির্বাচন কমিশন প্রকাশিত প্রার্থীতালিকা বেআইনি। তিনি ২৯ জুনের নির্বাচনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চান।নির্বাচন কমিশনার ইসমাইল তপাদার বলেন, ‘মনিরুলের স্বাক্ষরসংবলিত আবেদন পাওয়ার পর তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাঁর কাছ থেকে কেউ জোর করে স্বাক্ষর আদায় করলে সে বিষয়ে ব্যবস্থা নেবেন আদালত। এর চেয়ে বেশি আমাদের কিছু বলার নেই।’গতকাল বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে ছাত্রলীগের প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন প্যানেলকে পরিচয় করিয়ে দেন।জেলা ছাত্রলীগের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে সংগঠনের প্যানেল পরিচয় অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি এস এম কাইয়ুম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের আহমেদ, ছাত্রসংসদ নির্বাচনের সহসভাপতি পদপ্রার্থী শামীম নেওয়াজ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী সুমন মিয়া ও সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী মামুন।