ছাত্রসহ আরও দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নে গত রোববার নির্বাচন-পরবর্তী সহিংসতায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। আর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নে ভোটের দিন কেন্দ্র দখল নিয়ে সহিংসতায় আহত এক ব্যক্তি গতকাল সোমবার মারা গেছেন।
গত ফেব্রুয়ারিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সহিংসতায় এ নিয়ে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১১২-এ। এ ছাড়া গত রোববার ও গতকাল হবিগঞ্জ, পাবনা ও নড়াইলে আহত হয়েছেন অন্তত ১৭২ জন।
ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
হবিগঞ্জ: চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নে ৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হন বিএনপির প্রার্থী সৈয়দ লিয়াকত হোসেন। গত রোববার সন্ধ্যায় তাঁর সমর্থকেরা এলাকায় মিছিল বের করেন। পরাজিত আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুর রহমানের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে শেখেরগাঁও গ্রামে মিছিলটির ওপর হামলা চালান। এ সময় উভয় পক্ষের সংঘর্ষ হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে শ্রীকুটা আদর্শ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মনির মিয়া (১৪) প্রাণ হারায়। সে উপজেলার নরপতি গ্রামের আরজু মিয়ার ছেলে। সংঘর্ষে আহত হন কমপক্ষে ৫০ জন। তাঁদের মধ্যে ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে নরপতি গ্রামে প্রতিবাদ সভা করেন এলাকাবাসী।
গতকাল দুপুরে সদর উপজেলায় নির্বাচন-পরবর্তী আলাদা সহিংসতায় আরও ৫০ জন আহত হন। সদর থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৪ জুন সদর উপজেলার পইল ইউনিয়নে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মঈনুল হক। তাঁর সমর্থকেরা গতকাল দুপুরে পইল গ্রামে মিছিল করেন। এ সময় আওয়ামী লীগের পরাজিত প্রার্থী মো. সাহেব আলীর সমর্থকেরা ওই মিছিলে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ৫০ জন। তাঁদের মধ্যে ১১ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ মে ইউপি নির্বাচনে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শম্ভুপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে সদস্য পদপ্রার্থী জাকির হোসেন ও মোতালিব মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে আহত মনির হোসেন (৩২) গতকাল ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
পাবনা: প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুই সদস্য পদপ্রার্থী বকুল সরদার ও আফজাল প্রামাণিক পরাজিত হন। পরাজয়ের জন্য তাঁরা একে অপরকে দোষারোপ করতে থাকেন। এ নিয়ে বিরোধের জের ধরে গতকাল সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও র্যা ব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হন। তাঁদের মধ্যে ২০ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাতে একই উপজেলার দোগাছি ইউনিয়নের পরাজিত দুই চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের আলতাব হোসেন ও স্বতন্ত্র শামসুল আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে অনন্ত ১৫ জন আহত হন।
লোহাগড়া (নড়াইল): প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহিদুল ইসলাম বিজয়ী হন। গতকাল সকালে নবনির্বাচিত চেয়ারম্যানের সমর্থকেরা পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের এ কে এম ফয়জুল হকের সমর্থকদের ওপর কলাগাছি বাজারে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে কমপক্ষে ১৭ জন আহত হন। তাঁদের ১০ জনকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও তাঁর আটজন সমর্থককে পুলিশ আটক করে। পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ জাহিদুলকে ছেড়ে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বলেন, পরে কেউ যাতে একে ওপরের হামলা না করে সে জন্য জাহিদুল ও ফয়জুলের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
চট্টগ্রামের আনোয়ারার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের মো. নাছির উদ্দিনের বসতঘরে গত রোববার রাতে আগুন দেওয়া হয়েছে। তাঁর ছেলে মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ভোটের দিন আমি একজন মহিলা সদস্য প্রার্থীর এজেন্ট ছিলাম, ওই সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর একজন এজেন্টের সঙ্গে আমার তর্ক হয়। তারই জের ধরে আমাদের ঘরে আগুন দেওয়া হতে পারে।’
তবে ওই ইউনিয়নের নবনির্বাচিত আওয়ামী লীগদলীয় চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ প্রথম আলোকে বলেন, ‘একটি কুচক্রীমহল এলাকার পরিবেশ ও আমার ভাবমূর্তি নষ্ট করতে এসব করছে।’