ছাত্রসহ নিহত ১২ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও ঢাকার বাইরে আট জেলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ১২ জন নিহত হয়েছেন। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে কুমিল্লার চৌদ্দগ্রাম, রংপুরের বদরগঞ্জ, লালমনিরহাট, মাদারীপুর, গোপালগঞ্জ, গাইবান্ধায়, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙামাটিতে।
এ নিয়ে গত ২৬ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ২৬৩ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঢাকার যাত্রাবাড়ীর কুতুবখালী ফলের আড়তের সামনে গতকাল সন্ধ্যা সাতটার দিকে বাসের ধাক্কায় রিকশা আরোহী তাসলিমা আক্তার (৩৫) নামের এক নারী মারা গেছেন। পরিবারসহ তিনি জুরাইন এলাকায় থাকতেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় উপজেলার রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সোহাগ মিয়া (২৫), মনির হোসেন (৩০) ও অজ্ঞাতপরিচয় আরেক যুবক।
সোমবার রাত নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার নানকরা রাস্তার মাথায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন নাঙ্গলকোট উপজেলার মো. রুবেল (৩০) ও আবুল হাশেম (৪৫)। নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রংপুরের বদরগঞ্জে শ্যালো ইঞ্জিনচালিত একটি খালি ট্রলি ভ্যানে ধাক্কা দিলে নিহত হন আরোহী যুঁথি রানী রায় (২২)। গতকাল বিকেলে বদরগঞ্জ-লালদিঘী সড়কের আমরুলবাড়ি আফতাবগঞ্জ দাখিল মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে নিহত যুঁথি রানীর মেয়ে জয়া (৪) ও কলেজছাত্রী রেশমা খাতুন (১৮)।
লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের হাতীবান্ধা উপজেলায় বড়খাতা রেলগেট নামক স্থানে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালক আশরাফ আলী (৪৫) নিহত হয়েছেন। নিহত আশরাফ উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার বিকেলে ভ্যানে করে যাত্রী নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দিলে আশরাফ ঘটনাস্থলেই মারা যান।
মাদারীপুরের শিবচরে রাস্তা পার হতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় রাজিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার মাদবরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জে বিজয়পাশা নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে টুঙ্গিপাড়াগামী বাসের ধাক্কায় গতকাল সকালে নান্নু মুন্সী (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয় জনগণ একই বহরের দুটি বাস ভাঙচুর করে এবং প্রায় এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কের ওই স্থান অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে দেয়।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা বাজার এলাকায় গতকাল দুপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী আপেল মহন্ত (১৪) ঘটনাস্থলেই নিহত হয়। সে বালারছিরা কারিগরি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
রাঙামাটির বাঘাইছড়িতে গতকাল বিকেলে মোটরসাইকেলের ধাক্কায় বেবি আক্তার (২৮) নামের এক গৃহবধূ আহত হন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকেরা বেবিকে মৃত ঘোষণা করেন।