ছাত্রহল থেকে মাদকসহ দুই বহিরাগত আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রহল থেকে গাঁজা ও হেরোইনসহ দুই বহিরাগত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে কর্তৃপক্ষ। গত বুধবার দিবাগত রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ আবদুস সালাম হল থেকে তাঁদের আটক করা হয়।
আটক যুবকেরা হলেন নোয়াখালী সদর উপজেলার উজ্জ্বলপুর গ্রামের আলী আহমঞ্চদের ছেলে মো. বেলায়েত হোসেন ওরফে আরিফ (২৬) ও সহিদ উল্লার ছেলে আলমগীর হোসেন (২৩)। আটক যুবকদের কাছ থেকে আট পুরিয়া গাঁজা, সাত পুরিয়া হেরোইন এবং চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং তাঁদের ব্যবহূত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটক দুই যুবককে পুলিশ উদ্ধার করে মাদকদ্রব্যসহ থানায় নিয়ে আসে। এরপর গতকাল বৃহস্পতিবার সকালে তাঁদের নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ছাত্র হলের প্রভোস্ট ড. সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, গত বুধবার রাতে গোপন সূত্রে তিনি জানতে পারেন বহিরাগত কতিপয় যুবক মাদকদ্রব্য নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্র হলে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে তিনি অন্য কর্মকর্তাদের নিয়ে হলে অভিযান চালিয়ে দুই যুবককে মাদকদ্রব্যসহ ধরে ফেলেন। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
সুধারাম থানার উপপরিদর্শক টমাচ বড়ুয়া প্রথম আলোকে বলেন, রাত ১০টার দিকে দুটি মোটরসাইকেলযোগে বহিরাগত চার যুবক ক্যাম্পাসে প্রবেশ করে এবং ছাত্র হলে যায়। এ সময় হল কর্তৃপক্ষ আকস্মিক অভিযান চালিয়ে দুই যুবককে ধরে ফেলে এবং অন্য দুজন পালিয়ে যায়।
টমাচ বড়ুয়া বলেন, আটক যুবকেরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁরা বিশ্ববিদ্যালয়ের একশ্রেণীর ছাত্রের সহযোগিতায় ক্যাম্পাসে প্রবেশ করে প্রায়ই গাঁজা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করে। এ ব্যাপারে তিনি নিজেই বাদী হয়ে আটক যুবকদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।