ছাত্রাবাস ও মাঠ দখলমুক্ত করার দাবিতে বিক্ষোভ
কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ছাত্রাবাস ও খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে একটি সংগঠন। গতকাল শনিবার ওই বিদ্যালয়ের সামনেই এসব কর্মসূচি পালন করা হয়।
গতকাল দুপুরে ছাত্র-অভিভাবক অধিকার ফোরাম নামের ওই সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে বর্তমান ও প্রাক্তন ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, শহরের কাচারী বাজারে ১৮৮১ সালে সরকারি বালক উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে ছাত্রসংখ্যা এক হাজার ২৩০। বেশ কয়েক বছর আগে গ্রামের শিক্ষার্থীদের জন্য শহরের আলোর মেলা এলাকায় প্রায় সাত একর জায়গা নিয়ে একটি ছাত্রাবাস নির্মাণ করা হয়। এখানে একটি খেলার মাঠও আছে। ২০০৫ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী এম ওসমান ফারুকের নির্দেশে ছাত্রবাসটির কার্যক্রম বন্ধ করে দিয়ে সেখানে বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করা হয়। এখন ছাত্রাবাস ও খেলার মাঠসহ পুরো এলাকা বিয়াম স্কুলের নিয়ন্ত্রণে রয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এবং বিয়াম স্কুল পরিচালনা পর্ষদের সহসভাপতি আবদুল ওয়াদুদ চৌধুরী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে সরকারি স্কুলের ছাত্রাবাসে স্কুলটি চলছে। এ নিয়ে স্কুল কর্তৃপক্ষ কিংবা অন্য কোনো সংগঠনের পক্ষ থেকে কোনো সমস্যার কথা তাঁদের জানানো হয়নি।