রংপুর কারমাইকেল কলেজের তিনটি ছাত্রাবাস খুলে দেওয়ার দাবিতে গতকাল শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন।
সমাবেশে বক্তারা বলেন, ২০১১ সালে ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংষর্ষের ঘটনায় কলেজের তিনটি আবাসিক ছাত্রাবাসই বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। এরপর ওই ছাত্রাবাসগুলো আর চালু করা হয়নি। এতে সাধারণ শিক্ষার্থীদের অতিরিক্ত অর্থ ব্যয় করে বিভিন্ন মেসে থাকতে হচ্ছে। তিনটি ছাত্রাবাসে প্রায় এক হাজার ৫০০ শিক্ষার্থী আবাসনসুবিধা পেয়ে আসছিল।
কলেজ সূত্রে জানা গেছে, ছাত্রাবাসগুলো শিবিরের নিয়ন্ত্রণে ছিল। ছাত্রাবাস খুলে দেওয়া হলে তা আবারও শিবিরের নিয়ন্ত্রণে চলে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষকেরা। এ কারণে ছাত্রাবাস খুলে দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ বিনতে হুসাইন নাসরিন বানু সাংবাদিকদের জানান, ছাত্রাবাস খুলে দেওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে।