ছাত্রাবাস তত্ত্বাবধায়কের পদত্যাগ, ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের ডাকা ধর্মঘট গতকাল বুধবার প্রত্যাহার করা হয়েছে। এর আগে কলেজের ডা. মুক্তা ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক বিমল চন্দ্র পদত্যাগ করেন। আজ বৃহস্পতিবার থেকে কলেজে যথারীতি ক্লাস অনুষ্ঠিত হবে। গত সোমবার ভোরে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আশফাকুল হক ও সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসাইন ডা. মুক্তা ছাত্রাবাসের নিজ কক্ষে দুর্বৃত্তদের হামলায় আহত হন। পরে ওই ছাত্রাবাসের তত্ত্বাবধায়কের পদত্যাগসহ আরও কয়েকটি দাবিতে ছাত্রলীগ অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে। কলেজ সূত্র জানায়, গতকাল দুপুর পর্যন্ত কলেজে ধর্মঘট চলে। পরে ধর্মঘট প্রত্যাহার করা হয়। ছাত্রাবাসে ছাত্রনেতা আহত হওয়ার ঘটনা তদন্তে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান জাকির হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল অধ্যক্ষের কক্ষে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়। তদন্ত দল এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। কলেজের অধ্যক্ষ আবদুুর রউফ জানান, ডা. মুক্তা ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক বিমল চন্দ্র পদত্যাগ করেছেন। শিক্ষকদের সঙ্গে ছাত্রলীগের নেতাদের আলোচনা হয়েছে। এরপর ছাত্রলীগ ধর্মঘট প্রত্যাহার করে নেয়। বৃহস্পতিবার (আজ) থেকে ক্লাস অনুষ্ঠিত হবে।