ছাত্রাবাস দখল করে আ.লীগের কার্যালয়!
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা সদরে অবস্থিত সরিষাবাড়ী বঙ্গবন্ধু কলেজের ছাত্রাবাস দখল করে আট মাস ধরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছাত্রাবাস দখল করে দলীয় কার্যালয় করায় দূরদূরান্তের শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছে। বঙ্গবন্ধু কলেজ সূত্রে জানা গেছে, ২০১০ সালের জুলাই মাসে ছাত্রাবাস দখল করে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় করা হয়। কলেজের একাদশ শ্রেণীর ছাত্র হাবিল মিয়া ও হাছানুজ্জামান জানায়, ছাত্রাবাস না থাকায় ১০ কিলোমিটার দূর থেকে হেঁটে এসে তাদের ক্লাস করতে হয়। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সাদ্দাম হোসেন ও আরিফুর রহমান জানায়, ছাত্রাবাস দখল করে আওয়ামী লীগের দলীয় কার্যালয় বানানোয় ছাত্রাবাসের অভাবে অনেকের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি আমাদের ছাত্রাবাস ছিল। এর বেশি কিছু আমি বলতে পারব না।’ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকার তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ প্রথম আলোকে জানান, শিগগিরই দলীয় কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়া হবে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন জানান, শিগগিরই কলেজ ক্যাম্পাস থেকে দলীয় কার্যালয় সরিয়ে নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ কামরুল হাসান জানান, ‘কলেজ ক্যাম্পাসে দলীয় কার্যালয় করা হয়েছে বিষয়টি জানি। এ বিষয়ে কলেজ পরিচালনা পর্ষদ ব্যবস্থা গ্রহণ করবে।’