রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে অবৈধভাবে সিটের দখল নিতে ছাত্রদল ও ছাত্রলীগ এক হয়ে প্রশাসনের বিরুদ্ধে নেমেছে। গত রোববার রাতে তারা কর্তৃপক্ষের বৈধ বরাদ্দ বাতিলের দাবিতে ছাত্রাবাসের প্রধান তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা দেয়।
কলেজ কর্তৃপক্ষ বলছে, অবৈধভাবে সিটের দখল নেওয়ার জন্য এখন দুই ছাত্রসংগঠন এক হয়ে তাদের কাজে বাধা সৃষ্টি করছে। অপরদিকে দুই সংগঠনের নেতারাই প্রশাসনের বিরুদ্ধে অবৈধভাবে শিবিরকে সিট বরাদ্দ দেওয়ার অভিযোগ তুলছেন।
কলেজ সূত্রে জানা গেছে, রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে সাতটি ভবন রয়েছে। এই ভবনগুলোতে প্রায় ৫০০ সিট রয়েছে। ২০০৯ সালের মে মাস থেকে কলেজ কর্তৃপক্ষ অবৈধ দখলমুক্ত করে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দিয়ে আসছিল। গত মাস থেকে ছাত্রদল ওই ভবনগুলোতে সিটের দখল নিতে শুরু করে। তখন থেকেই ছাত্রদল সাধারণ ছাত্রদের মিছিলে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। এর আগে একইভাবে ছাত্রলীগও সাধারণ ছাত্রদের ওপর চাপ সৃষ্টি করত।
কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি ছাত্রাবাসের সিট খালি হওয়ার সঙ্গে সঙ্গে ৬৮টি সিট দখলে নেয় ছাত্রদল। এদিকে কলেজ কর্তৃপক্ষ খালি হওয়া সিটে ছাত্র ভর্তির জন্য সাধারণ ছাত্রদের কাছে দরখাস্ত আহ্বান করে। মেধার ভিত্তিতে ৬৮টি সিট বরাদ্দ দেওয়া হয়। শনিবার থেকে তাঁদের ভর্তির কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ১৮ জন ছাত্র ভর্তি হয়। দ্বিতীয় দিন রোববার ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীরা খবর পেয়ে রাত আটটার দিকে ছাত্রাবাসের প্রধান তত্ত্বাবধায়কের কার্যালয়ের কর্মচারীদের বের করে তালা লাগিয়ে দেন। খবর পেয়ে তত্ত্বাবধায়ক ও শিক্ষকেরা এলে ছাত্রনেতারা তাঁদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। বাধ্য হয়ে শিক্ষকেরা থানায় খবর দিলে দাঙ্গা পুলিশসহ তিন গাড়ি পুলিশ গিয়ে তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে শিক্ষকেরা পুলিশি পাহারায় তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন।
রাজশাহী কলেজের উপাধ্যক্ষ হবিবুর রহমান বলেন, অবৈধভাবে সিট দখল করার জন্য এখন ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীরা একযোগে এসে ছাত্রাবাসের তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা লাগিয়েছে। এখানে মেধার ভিত্তিতে ছাত্রাবাসে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। প্রশাসন ছাত্রাবাসে শিবির উঠিয়েছে এই অভিযোগ সত্য নয়। যেকোনো মূল্যে বৈধ ছাত্রদের সিটে তোলা হবে বলে জানান তিনি।
ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি রকি ঘোষ বলেন, কলেজ কর্তৃপক্ষ অবৈধভাবে শিবিরের কর্মীদের ছাত্রাবাসে তুলছে। তাই তাঁরা এতে বাধা দিয়েছেন। তবে তালা দেওয়ার সময় ছাত্রলীগের ছেলেরা ওই স্থানে ছিলেন না। সিট ফাঁকা হওয়ার সঙ্গে সঙ্গেই ছাত্রদল তা দখলে নিচ্ছে। ছাত্রদলের কলেজ শাখার সভাপতি মর্তুজা ফাহমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ মইনুল হোসেন বলেন, তালা দেওয়ার সময় দুই দলের নেতা-কর্মীরাই ছিলেন। তাঁদের আপত্তি হচ্ছে, কলেজ কর্তৃপক্ষ অবৈধভাবে শিবিরের কর্মীদের সিট বরাদ্দ দিচ্ছেন। এর প্রতিবাদে ছাত্রদল সেখানে গিয়েছিল। এ সময় ছাত্রলীগও সেখানে ছিল।