ছাত্রাবাস নির্মাণের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিএম কলেজের ছাত্ররা কবি জীবনানন্দ দাশের নামে বহুতল ছাত্রাবাস নির্মাণের দাবিতে গতকাল শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন। একই দাবিতে তাঁরা কলেজের সামনের সড়ক অবরোধ করে রাখেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কবি জীবনানন্দ দাশের নামে একটি হলের নামকরণ করা হলেও ওই হল ছাত্রদের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তবুও জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা এখানে থাকতে বাধ্য হচ্ছেন। বিভিন্ন সময় কলেজ প্রশাসন এখানে বহুতল ভবন নির্মাণ করার আশ্বাস দিলেও আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। এ অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা জীবনানন্দ দাশের নামে বহুতল ছাত্রাবাস নির্মাণের দাবিতে বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। গতকালও তাঁরা একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন এবং মিছিল শেষে ৩০ মিনিট কলেজের সামনের সড়ক অবরোধ করে রাখেন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।কলেজের অধ্যক্ষ ননীগোপাল দাস বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের এটি যৌক্তিক দাবি। ছাত্রাবাস নির্মাণের জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।’