সিলেটের মদনমোহন কলেজে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে সাত হাজারেরও বেশি। কিন্তু কোনো ছাত্রাবাস না থাকায় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় শিক্ষার্থীরা নিজেদের দুর্দশা ও দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে শিগগিরই আবাসন সুবিধা চালুর দাবি জানিয়েছেন। কলেজের প্রশাসন সূত্রে জানা যায়, নগরের লামাবাজার এলাকায় ১৯৪০ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ষাটের দশকে ক্যাম্পাসের পাশেই ৮৪ আসনবিশিষ্ট একটি ছাত্রাবাস গড়ে তোলা হয়। ২০০৪ সালে প্রকৌশলীরা এ ছাত্রাবাসটি বসবাসের অনুপযোগী ঘোষণা করলে কলেজ কর্তৃপক্ষ এটি ভেঙে ফেলে। এরপর থেকে শিক্ষার্থীরা আবাসন সুবিধা-বঞ্চিত। কলেজের পাস কোর্সের শেষ বর্ষের শিক্ষার্থী রুপন চক্রবর্তী জানান, নগরের শিবগঞ্জ এলাকার একটি মেসে তিনি থাকেন। সেখান থেকে কলেজে আসা-যাওয়া বাবদ প্রতিদিন ৫০ টাকা খরচ হয়। এ ছাড়া মেসে থাকা-খাওয়ার জন্য মাসে প্রায় সাত হাজার টাকা খরচ হয়।এ কলেজ থেকে চলতি বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রি-বিবিএ কোর্সের পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন আবদুল কাদির। তিনি বলেন, ‘আমি কাজীটোলা এলাকায় একটি মেসে থাকি। কলেজ ও প্রাইভেটে যাওয়া-আসা এবং মেসে থাকা-খাওয়া বাবদ অনেক টাকা খরচ হচ্ছে। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। তাই এ ব্যয় বহনে আমাকে হিমশিম খেতে হচ্ছে।’ কলেজের একাধিক ছাত্রী জানান, কোনো আবাসন সুবিধা না থাকায় ছাত্রীদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। মেসে থেকে পড়াশোনা করতে মাত্রাতিরিক্ত খরচ হয়। সব সময় থাকতে হয় নিরাপত্তাহীনতায়। স্থানীয় বখাটেরা কলেজে যাওয়া-আসার সময় মেয়েদের পিছু নেয়। অশ্লীল অঙ্গভঙ্গি করে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ শিক্ষক বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ ইচ্ছে করেই ছাত্রাবাস প্রতিষ্ঠা করছে না। কারণ, ছাত্রাবাস প্রতিষ্ঠিত করা হলে বিপুলসংখ্যক শিক্ষার্থীর বিপরীতে মুষ্টিমেয় কিছু শিক্ষার্থী আবাসন সুবিধা পাবে। এতে করে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে সিট দখল নিয়ে অতীতের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সংঘর্ষ লেগেই থাকবে। এ আতঙ্কে কর্তৃপক্ষ ছাত্রাবাস নির্মাণে আন্তরিক হচ্ছে না।’তবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ প্রথম আলোকে বলেন, ‘আপাতত ছাত্রাবাস নির্মাণের কোনো পরিকল্পনা কলেজ কর্তৃপক্ষের নেই। এর অন্যতম কারণ হচ্ছে স্থানসংকট ও প্রয়োজনীয় টাকার অভাব। এ সমস্যার সমাধান হলে ছাত্রাবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’