ছাত্রাবাস বন্ধ দেড় বছর, ভোগান্তিতে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শহীদ ওমর ফারুক ছাত্রাবাসটি দেড় বছর ধরে বন্ধ রয়েছে।
কলেজের একমাত্র ছাত্রাবাসটি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন জেলার প্রত্যন্ত অঞ্চল ও আশপাশের কয়েকটি জেলা থেকে লেখাপড়া করতে আসা শিক্ষার্থীরা।
কলেজের ব্যবস্থাপনা বিভাগের সম্মান চতুর্থ বর্ষের ছাত্র মাসুম বিল্লাহ বলেন, ‘আমার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়। ছাত্রাবাসে থেকে পড়াশোনা করতাম। দেড় বছর আগে ছাত্রাবাসটি বন্ধ করে দেয় কলেজ কর্তৃপক্ষ। এরপর থেকে বাসা ভাড়া করে থাকতে হচ্ছে। এতে আগের চেয়ে প্রায় দ্বিগুণ খরচ হয়।’
কলেজের কয়েকজন শিক্ষক ও ছাত্রদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৫ সালে শহীদ ওমর ফারুক ছাত্রাবাসটি চালু হয়। এরপর থেকে ৯০ আসনের ছাত্রাবাসটিতে অর্ধশতাধিক ছাত্র বসবাস শুরু করেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে ছাত্রাবাসটি হঠাৎ করে বন্ধ করে দেয় কলেজ কর্তৃপক্ষ। বর্তমানে ছাত্রাবাসটির কয়েক বছরের বিদ্যুৎ ও পানির বিল বকেয়া রয়েছে। বিলখেলাপি হওয়ায় ছাত্রাবাসের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নাম প্রকাশ না করার শর্তে একজন ছাত্র বলেন, ছাত্রাবাসের খাবারের মান খারাপ ছিল এবং বিভিন্ন সময় সরকারি দলের ছাত্রনেতারা ছাত্রাবাসের আবাসিক ছাত্রদের মিছিল-সমাবেশে যোগ দিতে বাধ্য করতেন। এ কারণে কয়েক বছর ধরে ছাত্রাবাসের আবাসিক ছাত্রের সংখ্যা কমতে থাকে। একপর্যায়ে জাতীয় সংসদ নির্বাচনের সময় ছাত্রাবাসটি বন্ধই হয়ে যায়।
কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র শফিকুল ইসলাম বলেন, ‘ছাত্রাবাসটি বন্ধ থাকায় শহরে ঘর ভাড়া করে থাকতে হচ্ছে। এতে লেখাপড়া ও থাকা-খাওয়ার খরচ বেড়ে গেছে। ছাত্রাবাসটি চালু করা হলে আমার মতো দূরের ছাত্রদের লেখাপড়ার খরচ ও ভোগান্তি কিছুটা হলেও কমত।’
ছাত্রাবাসের সহতত্ত্বাবধায়ক বাংলা বিভাগের প্রভাষক কাজী মো. জাহাঙ্গীর আলম বলেন, বকেয়া বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ করে ছাত্রাবাসটি শিগগির চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অধ্যক্ষ সচীন কুমার রায় বলেন, সাত হাজার শিক্ষার্থীর জন্য ৯০ আসনের একটি মাত্র ছাত্রাবাস রয়েছে। বন্ধ ছাত্রাবাসটি চালু করার জন্য ইতিমধ্যে সুপার (তত্ত্বাবধায়ক) ও সহসুপার নিয়োগ করা হয়েছে। শিগগিররই ছাত্রাবাসটি খুলে দেওয়া হবে।