ছাত্রাবাসটি অবিকল পুনর্নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানোর ঘটনায় জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা।গত বৃহস্পতিবার রাতে তাঁরা বৈঠক করে এ উদ্বেগ প্রকাশ করেন। বৈঠক থেকে ঐতিহ্য রক্ষায় ছাত্রাবাস অবিকল পুনর্নির্মাণের দাবিও জানানো হয়। সিলেট এমসি কলেজে গত রোববার রাতে ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংঘর্ষের জের ধরে ছাত্রাবাসের ৪২টি কক্ষ পুড়িয়ে দেওয়া হয়। গত বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পোড়া ছাত্রাবাস পরিদর্শন করে পুনর্নির্মাণের ঘোষণা দেওয়ায় ওই দিন রাতেই বিশিষ্টজনেরা বৈঠকে বসেন।নগরের রাজা ম্যানশনে সৃজনশীল বইয়ের বিপণন প্রতিষ্ঠান বইপত্রে অনুষ্ঠিত বৈঠকে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ, বৃহত্তর সিলেট ইতিহাস প্রণয়ন পরিষদের সাধারণ সম্পাদক কবি শুভেন্দু ইমাম, বেসরকারি উন্নয়ন সংগঠক নজমুল হক, নবীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন, আইনজীবী মইনুদ্দিন আহমদ জালাল, কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাজিয়া চৌধুরী, মোস্তাক আহমাদ দীন, জফির সেতু, কাজী সাইফুল আচপিয়াসহ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা বক্তব্য দেন। গত বৃহস্পতিবার ছাত্রাবাস পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী অবিকল পুনর্নির্মাণের পক্ষে মত ব্যক্ত করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘সেমিপাকা আসাম টাইপ কাঠামোর এ স্থাপনা শত বছরের পুরোনো হওয়ায় আমি ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণার জন্য উদ্যোগ নিয়েছিলাম। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলেও এগুলো আগের অবস্থায় রাখার সর্বোচ্চ চেষ্টা থাকবে।’