ছাত্রাবাসে আগুনের ঘটনায় অধিকতর তদন্ত প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা ঘটনার তদন্ত করেছি মাত্র। অপরাধী সুনির্দ্দিষ্ট করতে পারিনি। তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ হলে পুলিশ অপরাধী সুনির্দ্দিষ্ট করবে। এ জন্য অধিকতর তদন্ত প্রয়োজন।’ সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক গতকাল শনিবার সংবাদ ব্রিফিং করে এ মতামত দেন। গতকাল দুপুরে তদন্ত কমিটির আহ্বায়ক ও কলেজের উপাধ্যক্ষ আল-হেলাল ভূঞার দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তদন্ত কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। গত ৮ জুলাই এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ-শিবিরের মধ্যে সংঘর্ষের জের ধরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নিসংযোগকারীদের শনাক্ত করতে কলেজ কর্তৃপক্ষ, পুলিশ ও প্রশাসন তিনটি তদন্ত কমিটি গঠন করে। গত ২৯ আগস্ট কলেজ কর্তৃপক্ষের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন অধ্যক্ষ বরাবর দাখিল করে। তদন্ত কমিটির আহ্বায়ক ওই দিন সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘ছাত্রলীগের বহিরাগতরা’ ছাত্রাবাসে অগ্নিসংযোগ করেছে। তদন্ত প্রতিবেদনের কথা উল্লেখ করে উপাধ্যক্ষ বলেন, ‘তদন্ত প্রতিবেদনে আমরা নির্দ্দিষ্ট করে একটি কথাই বলেছি। একটি মিছিল এসেছিল। ওই মিছিলটি আটকাতে পারেনি পুলিশ। মিছিলটি আটকাতে পারলে ছাত্রাবাসে আগুন লাগত না।’ উপস্থিত সাংবাদিকেরা ওই মিছিলটি ছাত্রলীগের ছিল জানালে উপাধ্যক্ষ বলেন, ‘এই দায়িত্ব আমাদের নয়। এ জন্যই অধিকতর তদন্ত চাই।’ এদিকে তদন্ত কমিটির তড়িঘড়ি সংবাদ ব্রিফিং নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রাবাসের ছাত্ররা। ছাত্রদের অভিযোগ, তদন্ত কমিটির সদস্যরা স্বাধীনভাবে সংবাদমাধ্যমে যে বক্তব্য দিয়েছিলেন, তাতে তাঁরা ক্ষমতাসীন ছাত্রলীগের বিরাগভাজন হয়ে পড়েছেন। গত কয়েক দিন ধরে এ নিয়ে ছাত্রলীগের পক্ষ থেকে উপর্যুপরি চাপ থাকায় সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ছাত্রাবাসের এক ছাত্র প্রথম আলোকে বলেন, ‘তদন্ত প্রতিবেদন একাডেমিক কাউন্সিলে উপস্থাপনের আগেই সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়ায় কলেজ অধ্যক্ষ ক্ষোভ প্রকাশ করেন। ছাত্রলীগের পক্ষ থেকে অধ্যক্ষকে এ ব্যাপারে বিভিন্নভাবে চাপ দেওয়ার পর সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।’ তবে তদন্ত কমিটির আহ্বায়ক আল-হেলাল ভূঞা প্রথম আলোকে বলেন, ‘এ অভিযোগ সত্য নয়। ন্যক্কারজনক ওই ঘটনার পর থেকে সাংবাদিকদের সঙ্গে আমাদের একাধিকবার কথা হয়েছে। তাঁরা অনেক খাটাখাটি করেছেন। আমরা আসলে সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করেছি। এ ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই।’