সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনায় টাস্কফোর্স গঠন করে তদন্ত শুরু করা হয়েছে।গতকাল মঙ্গলবার সিলেট মহানগর পুলিশের কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া টাস্কফোর্স গঠন করে তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।গত ৮ জুলাই এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংঘর্ষের জের ধরে ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ছাত্রাবাসের প্রায় ৪২ কক্ষ ভস্মীভূত হয়। এ ঘটনায় পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ২৯ আগস্ট কলেজ কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করে।তদন্ত প্রতিবেদনে ছাত্রাবাসে অগ্নিসংযোগকারী হিসেবে অগ্নিসংযোগকালে ঘটনাস্থলে থাকা বিক্ষোভকারীদের শনাক্ত করা হয়। ওই সময় ছাত্রলীগই কেবল বিক্ষোভ মিছিল করছিল। তবে অগ্নিসংযোগকারীদের পরিচয় শুধু সাক্ষীদের বরাত দিয়ে উল্লেখ করায় পরদিন তদন্ত কমিটির আহ্বায়ক এমসি কলেজের উপাধ্যক্ষ আল-হেলাল ভূঞা সংবাদ সম্মেলন করে ঘটনার অধিকতর তদন্ত করার পক্ষে মতামত দেন।সূত্র জানায়, কলেজের তদন্ত কমিটির এ মতামতের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ পাঁচ সদস্যের টাস্কফোর্স গঠন করে নতুন করে তদন্ত শুরু হয়। টাস্কফোর্সের তদন্ত শেষে পরবর্তী নির্দেশনা পেলে দোষীদের গ্রেপ্তারে পুলিশ ব্যবস্থা নেবে বলে জানা গেছে।মতবিনিময়: ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার, অবিকল ছাত্রাবাস পুনর্নির্মাণ ও শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার দাবিতে শিক্ষানুরাগী ও অভিভাবকদের সমন্বয়ে গঠিত ‘শিক্ষাঙ্গন রক্ষা পরিষদ, সিলেট’-এর নেতারা সোমবার রাতে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সঙ্গে মতবিনিময় করেছেন।মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক মাসউদ খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আজিজুল মালিক চৌধুরী, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আলী আহমদ।