ছাত্রাবাসে ঢুকে শিক্ষার্থীদের মারধর প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সম্মান শ্রেণীর ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ও কয়েকজন ছাত্রের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল শনিবার পৃথক মানববন্ধন হয়েছে। আশেক মাহমুদ কলেজের শিক্ষক পরিষদের উদ্যোগে বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এবং সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বেলা দেড়টায় কলেজের সামনে মানববন্ধন করেন।আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষক-কর্মচারীসহ সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ আবদুল জব্বার, ছাত্রবিষয়ক উপদেষ্টা হারুন অর রশিদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রহমান, শিক্ষক শফিকুল ইসলাম আকন্দ, হাসান বিন রফিক, মাহফুজুল বারী প্রমুখ। বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।কলেজ সূত্রে জানা গেছে, ৩ ফেব্রুয়ারি আশেক মাহমুদ কলেজের সম্মান শেষ বর্ষের ছাত্র হাসমত আলীকে ছাত্রাবাস ত্যাগের নোটিস দেয় কর্তৃপক্ষ। জোর করে ছাত্রাবাসে অবস্থান করায় ওই রাতে ছাত্রাবাসের অন্য ছাত্রদের সঙ্গে হাসমত আলীর ঝগড়া হয়। পরদিন হাসমত কয়েকজন বহিরাগত নিয়ে এসে ছাত্রাবাসের কয়েকজন ছাত্রকে বেধড়ক পিটিয়ে আহত করেন। এ সময় কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রদর্শক এবং ওই ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক খোরশেদ আলম এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয়। এ ঘটনায় ওই দিনই জামালপুর সদর থানায় মামলা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল গণি জানান, মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।