ছাত্রাবাসে থাকতে হচ্ছে শিক্ষকদের
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আবাসন-সংকট চরম আকার ধারণ করেছে। ফলে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের থাকতে হচ্ছে শিক্ষার্থীদের হলে।বিশ্ববিদ্যালয় প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, তত্কালীন পটুয়াখালী কৃষি কলেজের সময় শিক্ষকদের থাকার জন্য চন্দ্রদীপ সুধী নীড় নামে একটি ডরমেটরি ও ১১টি আবাসিক ভবন নির্মিত হয়েছিল। ২০০০ সালের ৮ জুলাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে নতুন করে আর কোনো ডরমেটরি বা আবাসিক ভবন নির্মাণ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের ১১০ জন শিক্ষকের মধ্যে মূল ক্যাম্পাস পটুয়াখালীর দুমকিতে অবস্থান করছেন ৮৯ জন এবং বহিঃক্যাম্পাস বরিশালের বাবুগঞ্জের খানপুরায় ২১ জন অবস্থান করছেন।মূল ক্যাম্পাসের ৮৯ জন শিক্ষকের মধ্যে আবাসন-সুবিধা পাচ্ছেন ৫০ জন। তাঁদের মধ্যে ২০ জন থাকছেন আবাসিক এলাকার ভবনগুলোতে। অন্য ৩০ জন থাকছেন ১৫ জনের ধারণক্ষমতার ডরমেটরি চন্দ্রদীপ সুধী নীড়ে।বিশ্ববিদ্যালয় প্রশাসন শাখা সূত্র জানায়, গত ১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ২৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। তাঁদের মধ্যে ২৫ জনের কর্মস্থল মূল ক্যাম্পাস দুমকিতে। বাকি দুজনের কর্মস্থল খানপুরায়।স্থানীয় সূত্রে জানা যায়, দুমকিতে ভাড়ায় বাসা পাওয়া না যাওয়ায় নতুন নিয়োগ পাওয়া ২৫ জন শিক্ষক চরম সংকটে পড়েছেন। তাঁদের বাধ্য হয়ে শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে থাকতে হচ্ছে। চাঁদ সুলতানা হলে ছাত্রীদের সঙ্গে থাকছেন মাত্স্য বিজ্ঞান বিভাগের আশফাকুন নাহার। তিনি বলেন, শিক্ষক হয়ে ছাত্রী হলে থাকতে খারাপ লাগছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নির্মল চন্দ্র সাহা বলেন, ২০ আসনের একটি ডরমেটরি নির্মাণের জন্য দরপত্র দেওয়া হয়েছে। শিগগিরই ভবনের নির্মাণকাজ শুরু হবে। এটির কাজ শেষ হলেও শিক্ষকদের আবাসন-সংকটের সমাধান করা সম্ভব নয়। উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষকদের আবাসন-সংকটের বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে জানানো হয়েছে।