ছাত্রাবাসে দুর্বৃত্তদের ভাঙচুর, লুটপাট গ্রেপ্তার ১
ময়মনসিংহ শহরের আকুয়া ফিরোজ লাইব্রেরি মোড় এলাকার একটি ছাত্রাবাসে গত বুধবার রাতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (২৫) নামের এক ছাত্র আহত হয়েছেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করে।
ছাত্রাবাসের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় কয়েকটি ছেলে ‘লাবনী ভিলা’য় অবস্থিত ছাত্রাবাসের ২৫ জন শিক্ষার্থীর কাছে বিভিন্ন সময় চাঁদা চাইতেন। ছাত্ররা সব সময় এর প্রতিবাদ করতেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাতনামা আট-নয়জন দুর্বৃত্ত লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ওই ছাত্রাবাসে হামলা করে। তারা বাড়ির বেশ কয়েকটি ঘর ও আসবাব ভাঙচুর করে। এ ছাড়া তারা ছাত্রদের মুঠোফোন, টাকা ও একটি বৈদ্যুতিক পাখা লুট করে। এ সময় দুর্বৃত্তদের হামলায় জাহাঙ্গীর আলম আহত হন। জাহাঙ্গীরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় লোকজন টের পেয়ে ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় আবু আহাদ নামের একজনকে আটক করে পুলিশ।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় বাড়ির মালিক শহীদুল একটি মামলা করেছেন। আহাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।