ফেনী সরকারি কলেজ ছাত্রাবাসের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া শিক্ষার্থীরা আরও নানা অভিযোগ তুলেছেন। ছাত্রাবাসের শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেওয়ার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কলেজ সূত্র জানায়, ছাত্রদের দীর্ঘ আন্দোলনের পর প্রায় এক কোটি টাকা ব্যয়ে কলেজ থেকে দুই কিলেমিটার দূরে ফেনী সদর হাসপাতালের পাশে ১০০ আসনের চারতলা ছাত্রাবাস ভবন নির্মাণ করা হয়। প্রায় চার বছর আগে ছাত্রাবাসটি চালু করা হয়েছে। কিন্তু সব সময়ই ছাত্রাবাসের অর্ধেক আসন খালি পড়ে থাকে।শিক্ষার্থীরা বলেন, প্রত্যেক আবাসিক ছাত্রের কাছ থেকে ছাত্রাবাস ব্যবস্থাপনা ফি বাবদ মাসে ৩৪০ টাকা করে নেওয়া হয়। কিন্তু ছাত্রদের এই টাকার রসিদ দেওয়া হয় না। দুপুর ও রাতে দুই বেলা খাওয়া বাবদ মাসে নেওয়া হয় এক হাজার ৪০০ টাকা। কোনো ছাত্র মাসে এক বেলা খেলেও তাঁকে এক হাজার ৪০০ টাকা এবং ব্যবস্থাপনা ফিসহ মোট এক হাজার ৭৪০ টাকা দিতে হয়। সকালের নাশতার ব্যবস্থা নিজেদের করতে হয়।ছাত্রাবাসের শিক্ষার্থীদের অভিযোগ, হোস্টেল সুপার ছাত্রাবাসে থাকেন না। তাঁর পক্ষে তদারক করার জন্য কলেজের ইসলামের ইতিহাস বিভাগের পিয়ন মো. কাওসারকে ছাত্রাবাসে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তাঁর থাকা-খাওয়ার কোনো টাকা লাগে না। ছাত্রদের অভিযোগ, ছাত্রাবাসে মুঠোফোন ও ল্যাপটপ চুরির দায়ে এক চোরকে ধরে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই জরিমানার টাকাও ক্ষতিগ্রস্ত ছাত্ররা পাননি।আবাসিক ছাত্র আবদুল্লা আল মনসুর ও সাইফুল ইসলামের অভিযোগ, ছাত্ররা এসবের প্রতিবাদ করায় ১ জানুয়ারি থেকে বাবুর্চিকে ছুটি দিয়ে ছাত্রদের খাওয়া বন্ধ করে দেওয়া হয়। পরে ছাত্ররা বিক্ষোভ মিছিল করে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। এরপর আবার খাবারের ব্যবস্থা করা হয়। তাঁরা বলেন, ছাত্রাবাসে ইনডোর গেমসহ বিনোদনের কোনো ব্যবস্থা নেই। হোস্টেল সুপার ও কলেজের ইসলামের ইতিহাসের প্রভাষক জয়নাল আবদীন বলেন, ‘মূলত ছাত্রদের দাবি, ব্যবস্থাপনা ফি কমানো। তাঁদের অন্য অভিযোগগুলো সঠিক নয়।’ কলেজের অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য বলেন, তিনি সমস্যার কথা শুনেছেন। এ বিষয়ে তদন্ত করার জন্য একজন অধ্যাপকের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে কমিটির সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।