ছাত্রাবাসে পরীক্ষার প্রস্তুতি, বাইরে যাত্রার নাচ-গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গাজিরহাট মাধ্যমিক বিদ্যালয় ভবনের মধ্যে ছাত্রাবাসে চলছে এসএসসি পরীক্ষার্থীদের পড়ালেখা, আর বাইরে মাত্র ৩০০ গজ দূরে শুরু হয়েছে যাত্রার নামে নাচ-গান। গত রোববার থেকে শুরু হওয়া এই যাত্রানুষ্ঠানে সন্ধ্যা হলেই চলে মাইকের উচ্চ আওয়াজ ও ঢাকঢোলের বাজনা। শিক্ষার্থীরা এই যাত্রানুষ্ঠান বন্ধ করার দাবিতে ইতিমধ্যে বাজারে বিক্ষোভ করেছে এবং প্রশাসনের কর্মকর্তাদের কাছে লিখিত দিয়েছে। বিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা গেছে, ১৯৬১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার কয়েক বছর পর থেকে এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফলের আশায় ছাত্রদের বিদ্যালয়ে রেখে পড়ার ব্যবস্থা করা হয়। যারা এসএসসি পরীক্ষায় অংশ নেবে তারা বিদ্যালয়ে রাত-দিন অবস্থান করে পড়ালেখা করে। আর এই শিক্ষার্থীদের দেখভাল করেন পালাক্রমে দুজন করে শিক্ষক। এভাবে শিক্ষার্থীদের পড়ালেখা করানোয় ভালো ফলও পাওয়া গেছে। এবার বিদ্যালয়ের মোট এসএসসি পরীক্ষার্থী ৭১ জন আর ছাত্রাবাসে শিক্ষার্থী আছে ২৩ জন। আর দুই মাস পর এসএসসি পরীক্ষা। ছাত্রদের পরীক্ষার প্রস্তুতি চলছে জোরেশোরে। এ অবস্থায় হঠাৎ করে বিদ্যালয় ভবনের মাত্র ৩০০ গজ দূরে শুরু হয়েছে যাত্রার নামে নাচ-গান। গত রোববার থেকে শুরু হওয়া এই গান-বাজনা শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে। গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার গাজিরবাজারের পাশেই রয়েছে গাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়। অদূরে যাত্রার প্যান্ডেল।নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানায়, রাত সাড়ে আটটার পর যাত্রা গানের জন্য তারা পড়তে পারছে না। মাইকের উচ্চ আওয়াজ, ঢোলের বাজনা তাদের অতিষ্ঠ করে তুলছে। ঘরের দরজা-জানালা বন্ধ করেও শব্দ নিয়ন্ত্রণ করতে পারছে না। শব্দের কারণে ইতিমধ্যে কয়েকজন ছাত্রাবাস ছেড়ে বাড়িতে চলে গেছে। তারা অবিলম্বে এই যাত্রা গান বন্ধ করার দাবি জানিয়ে প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল আহম্মদ বলেন, পড়ালেখার ক্ষতি হচ্ছে কি না, সেটা সবাই বুঝতে পারছেন। যাত্রার আয়োজকদের প্রধান স্থানীয় তেঘরীহুদা গ্রামের মতিয়ার রহমান বলেন, ‘আমরা অনেক রাতে গান শুরু করি। এতে শিক্ষার্থীদের কোনো সমস্যা হচ্ছে না।’কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনজুমান আরা বলেন, ‘এ ব্যাপারে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’