কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বহিরাগত ও নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিরা থাকতে পারে এমন সন্দেহে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এ সময় বিশ্ববিদ্যালয় থানা-পুলিশ অংশ নেয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সাদ্দাম হোসেন হলে বহিরাগত এবং নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিরা থাকতে পারে বলে একটি খবর পায় প্রশাসন। এ ছাড়া ওই সব ব্যক্তি সাদ্দাম হোসেন হলে কোনো বিস্ফোরক দ্রব্য বা নাশকতা করার সরঞ্জাম রেখেছে কি না এবং তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো নাশকতামূলক কার্যক্রম চালাতে পারে—এমন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিরা একটি সভা করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী বেলা সোয়া একটার দিকে তল্লাশি শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, ‘তল্লাশির সময় একটি কক্ষ থেকে ছাত্রশিবিরের দুটি ব্যানার উদ্ধার করা হয়েছে। তবে কোনো বহিরাগত বা নাশকতার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।’