ছাত্রলীগ চট্টগ্রাম কলেজ শাখার ব্যানারে গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অবিলম্বে চট্টগ্রাম কলেজের ছাত্রাবাসগুলো বন্ধ করে মেধার ভিত্তিতে আসন পুনঃ বণ্টনের দাবি জানানো হয়।
‘হঠাও জঙ্গিবাদ, বাঁচাও শিক্ষাঙ্গন’—এ স্লোগানে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক আজাদীর জ্যেষ্ঠ প্রতিবেদক শুকলাল দাশ, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম, সহসভাপতি এম কায়সার উদ্দিন, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মনসুর, আওয়ামী লীগ নেতা সাইফুদ্দীন আহমদ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য শিবু প্রসাদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা ছাত্রশিবিরের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, চট্টগ্রাম কলেজের হলগুলো শিবিরের টর্চার সেল ও বোমা তৈরির কারখানা। তারা ধর্মের নামে রাজনীতি করে শিক্ষাঙ্গনকে জঙ্গি আস্তানায় পরিণত করার চেষ্টা করছে। তারা চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতাদের প্রকাশ্যে হুমকি দিয়ে যাচ্ছে।
মানববন্ধনে বক্তারা চট্টগ্রাম কলেজের দুটি ছাত্রাবাস থেকে সাম্প্রতিক পুলিশি অভিযানে বোমা, বিস্ফোরক দ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধারের পরও কাউকে আটক না করায় প্রশাসনের সমালোচনা করেন। একই সঙ্গে চট্টগ্রাম কলেজে শিক্ষামন্ত্রীর আগমনের দিনে প্রশাসনের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
বক্তারা চট্টগ্রাম কলেজকে শিবিরমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
গত বুধবার বিকেলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সরকারি কলেজ শিক্ষকদের সংগঠন বিসিএস (সাধারণ শিক্ষা) আন্তব্যাচ সমন্বয় কমিটি আয়োজিত একটি সেমিনারে যোগ দেওয়ার সময় ছাত্রলীগ মিছিল নিয়ে কলেজে প্রবেশ করতে চাইলে শিবিরের বাধার মুখে পড়ে। এর পরদিন বৃহস্পতিবার ছাত্রলীগের কর্মীদের হলে আটকে রাখার খবরে পুলিশ চট্টগ্রাম কলেজের দুটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে বোমা, দেশীয় অস্ত্র উদ্ধার করে।