ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসের শৌচাগারে গতকাল মঙ্গলবার সৈয়দ রিয়াসাত আজীম (২৫) নামের এক শিক্ষানবিশ চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি নেত্রকোনার সদর উপজেলা শহরে।
ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানান, রিয়াসাত আজীম ছাত্রাবাসের পুরাতন ভবনের ৩০২ নম্বর কক্ষে থাকতেন। গতকাল সকালে তিনি ঘুম থেকে উঠে শৌচাগারে যান।
দীর্ঘ সময় শৌচাগার থেকে বের না হলেও বিষয়টি কারও নজরে পড়েনি। দুপুর দেড়টার দিকে তাঁর এক সহপাঠী হাসপাতাল থেকে ফিরে তাঁকে কক্ষে দেখতে না পেয়ে নানা জায়গায় খোঁজ করতে থাকেন।
পরে একটি শৌচাগারে পানি পড়ার শব্দ শুনতে পেয়ে বাইরে থেকে ডাকাডাকি করতে থাকেন। সাড়া না পেয়ে কয়েকজন শিক্ষার্থী দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে পড়ে থাকতে দেখেন।
সেখান থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ছাত্রাবাসের সুপার ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক তারিকুল ইসলাম খান জানান, হৃদ্রোগে রিয়াসাতের মৃত্যু হতে পারে।