ছাত্রী অপহরণে গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার কলেজছাত্রী অপহরণের ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা হয়েছে গতকাল শনিবার।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন প্রথম আলোকে বলেন, কলেজছাত্রীকে অপহরণ ও উদ্ধারের ঘটনায় গত শুক্রবার সকালে থানায় অপহরণের মামলা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন রুম্মান নামের এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তিনি মুখ খুলছেন না।
ওসি বলেন, অপহরণে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
ওসিসি সূত্র জানিয়েছে, কলেজছাত্রীটি ধর্ষণের শিকার হয়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত।
গত বৃহস্পতিবার মধ্যরাতে উত্তরার ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়ক থেকে ওই কলেজছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে যায় কয়েকজন সশস্ত্র লোক। বাধা দিলে তারা মেয়েটির বন্ধু মাহফুজুল হককে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। চিৎকার শুনে পাশের এক বাড়ির নিরাপত্তাকর্মী মো. লিটন এগিয়ে এলে তাঁকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তবে তারা প্রায় পাঁচ ঘণ্টা পর উত্তরার ৪ নম্বর সড়কে মেয়েটিকে আবার রেখে যায়।
পুলিশ বলেছে, মেয়েটির কলেজের দুই শিক্ষক, দুই সহপাঠী ও এক ব্যবসায়ী অপহরণের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।