ছাত্রী অপহরণের চেষ্টা আপসের জন্যচাপ
শেরপুরে এইচএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণ চেষ্টার প্রায় এক সপ্তাহ পার হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনাটি আপস করার জন্য প্রভাবশালী একটি মহল ছাত্রীর পরিবারকে চাপ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শেরপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে গতকাল সোমবার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ওই ছাত্রীর বড় ভাই।
সংবাদ সম্মেলনে ছাত্রীর ভাই অভিযোগ করেন, ঘটনার হোতা রুবেল মিয়ার (২৫) বাবা জাহাঙ্গীর আলম সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং এলাকার ধনাঢ্য ব্যক্তি। তিনি প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি আপস করার জন্য নানাভাবে চাপ ও হুমকি দিচ্ছেন। জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও কুসুমহাটি এলাকার বাসিন্দা আবুল হোসেনও এঁদের মধ্যে রয়েছেন। আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রভাবশালীদের চাপের মুখে বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করছেন।
জাহাঙ্গীর আলম জানান, তাঁর ছেলে অন্যায় করেছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি আপস করে দিতে চেয়েছেন। তাতে তিনি সমঞ্চতি দিয়েছিলেন। ছাত্রীর পরিবারকে আপসের জন্য চাপ দেওয়ার কথা ঠিক নয়।
আবুল হোসেন জানান, ঘটনার দিন বিষয়টি আপসের জন্য তিনি চেষ্টা করেছিলেন এবং ঘটনার প্রকাশ্য বিচারের কথাও বলেছিলেন। কিন্তু ছাত্রীর পরিবার রাজি না হওয়ায় এ ব্যাপারে তিনি আর কোনো পদক্ষেপ নেননি।
পরিবার জানায়, ২৮ মে বিকেলে সমাজবিজ্ঞান পরীক্ষা শেষে শেরপুর সরকারি কলেজ কেন্দ্র থেকে মেয়েটি তাঁর বড় ভাইয়ের সঙ্গে অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। পথে শেরপুর-জামালপুর মহাসড়কের নামা শেরিরচর এলাকায় কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের বাসিন্দা রুবেল মিয়া ও তাঁর কয়েকজন সহযোগী মেয়েটিকে জোরপূর্বক নামিয়ে নেন। পরে তাঁরা মেয়েটিকে একটি মাইক্রোবাসে উঠিয়ে জামালপুরের দিকে চলে যান। এরপর মুঠোফোনে সংবাদ পেয়ে কুসুমহাটি বাজার এলাকায় স্থানীয় লোকজন মাইক্রোবাসের গতি রোধ করে এবং হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় ওই মেয়েকে উদ্ধার করে। তবে রুবেল মিয়া ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।
ঘটনার পরদিন মেয়েটির ভাই বাদী হয়ে একটি মামলা করেন।