ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার দুই ছাত্রীর লিখিত অভিযোগ পাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র মো. ইমরান কায়েসকে সাময়িক বহিষ্কার করা হয়।সূত্র জানায়, গত বুধবার বেলা আড়াইটার দিকে বিজ্ঞান অনুষদ চত্বরে ইমরান রাষ্ট্রবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের দুই ছাত্রীর হাত ধরে টানাটানি করেন। বাড়াবাড়ি করলে তাঁদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দেন তিনি। এ ঘটনার পর গতকাল দুপুরে ওই দুই ছাত্রী উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ ও প্রক্টর কাজী আসাদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে ইমরানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। উপাচার্য তাৎক্ষণিকভাবে ওই ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেন।ছাত্রীরা লিখিত অভিযোগে উল্লেখ করেন, ইমরানের প্রেমিকা তাঁদের সঙ্গে একই বাসায় ভাড়া থাকতেন। এর সূত্র ধরে ইমরান ওই বাসায় প্রায়ই যাওয়া-আসা করতেন। একদিনের অপ্রীতিকর এক ঘটনার কারণে বাড়ির মালিক তাঁর প্রেমিকাকে বাড়ি ছাড়তে বাধ্য করেন। তখন থেকেই ইমরান তাঁদের ওপর ক্ষিপ্ত ছিলেন। এর জের ধরেই বুধবার ইমরান তাঁদের উত্ত্যক্ত করেন।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়ে ওই ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্ত করে তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এ ছাড়া আইনানুগ ব্যবস্থা নিতে কোতোয়ালি থানাকেও বিষয়টি অবহিত করা হয়েছে।