ছাত্রী উত্ত্যক্ত করার ঘটনায় তিন ছাত্র বহিষৃ্কত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রী উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল সোমবার তিন ছাত্রকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃত তিনজনই ছাত্রলীগের কর্মী। একই অভিযোগে ছাত্রলীগের জসীমউদ্দীন হল শাখা বহিষ্কার করেছে চার ছাত্রলীগের কর্মীকে।বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্ররা হলেন, লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মাহিদুল ইসলাম, শান্তি ও সংঘর্ষ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সোহেল এবং অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র আতিকুর রহমান।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, তিন ছাত্রকে এক বছরের জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। কেন তাঁদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার কারণ দর্শাতে নোটিশও দেওয়া হয়েছে।এদিকে জসীমউদ্দীন হল ছাত্রলীগ মাহিদুল ইসলাম, আতিকুর রহমান, দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রোবায়েত শাহনেওয়াজ ও বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রিয়াদ মাহমুদকে বহিষ্কার করেছে। হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী এনায়েত প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহেল ছাত্রদলের কর্মী। তাই তাঁর বিরুদ্ধে ছাত্রলীগ কোনো ব্যবস্থা নেয়নি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বখাটেদের মতো কোনো মেয়েকে উত্ত্যক্ত করবে, সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কাজেই এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর থাকবে। প্রসঙ্গত, গত রোববার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন ছাত্রলীগের কর্মীরা। এর প্রতিবাদ জানাতে গিয়ে তিন সাংবাদিকের ওপর বহিষ্কৃত ছাত্ররা দলবল নিয়ে চড়াও হন। পরে সাধারণ শিক্ষার্থীরা পিটুনি দিলে তাঁরা পালিয়ে যান। উত্ত্যক্তকারীদের শিকার হওয়া ছাত্রী গতকাল সোমবার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।