ছাত্রী উত্ত্যক্ত করার প্রতিবাদ বখাটের হাতে শিক্ষক লাঞ্ছিত, আহত ৪
ছাত্রী উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের হাতে এক শিক্ষক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। তাঁকে বাঁচাতে গিয়ে বখাটেদের হামলায় আহত হয় চার ছাত্র। গতকাল রোববার নোয়াখালীর সোনাইমুড়ীতে এ ঘটনা ঘটে।শিক্ষার্থীরা জানায়, সোনাইমুড়ীর বজরা বহুমুখী উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তিন ছাত্রী গত বৃহস্পতিবার কোচিং ক্লাস করতে স্কুলে যাচ্ছিল। পথে উপজেলার রসুলপুর গ্রামের মো. বাবু ও তার সঙ্গীরা তাদের উত্ত্যক্ত করে। গতকাল সকালে ওই বখাটেরা আবার ছাত্রীদের উত্ত্যক্ত করলে তারা বিদ্যালয়ের শিক্ষক আবদুজ জাহেরকে বিষয়টি জানায়। ছাত্রীরা ক্লাস শেষে বাড়ি ফেরার সময় ওই শিক্ষকের সহযোগিতা চায়। শিক্ষক আবদুজ জাহের ক্লাস শেষে ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের প্রধান ফটকে পৌঁছালে সেখানে বখাটেদের দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি তাদের কাছে ছাত্রীদের উত্ত্যক্ত করার কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা ওই শিক্ষকের জামার কলার ধরে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।শিক্ষক জাহেরকে বাঁচাতে বিদ্যালয়ের কয়েকজন ছাত্র ছুটে এলে বখাটেরা তাদের ওপরও হামলা চালায়। এতে বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ইমরান হোসেন, নবম শ্রেণীর মো. তৌহিদ, মো. জাহিদ ও আবু ইউছুফ আহত হয়। অন্যরা তাদের উদ্ধার করে বজরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সামছুদ্দীন প্রথম আলোকে জানান, গতকালের (রোববার) ঘটনায় তিনি বাদী হয়ে দুই বখাটের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে বখাটেদের কাউকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।