ছাত্রী উত্ত্যক্ত করায় ছাত্রকে বাধ্যতামূলক টিসি
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে একই স্কুলের দশম শ্রেণির ছাত্র ইমরান সরকারকে ফোর্স টিসি (বাধ্যতামূলক ছাড়পত্র) দেওয়া হয়েছে। সে দত্তের কচুরিবুনিয়া গ্রামের তোতা মিয়া সরকারের ছেলে।
গতকাল সোমবার বিকেল পাঁচটায় কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ মো. ফাইজুল আলম এক নির্বাহী আদেশবলে এ পদক্ষেপ নেন। গত রোববার বেলা ১১টায় উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে ইমরান উত্ত্যক্ত করে। এ নিয়ে শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় ছাত্রীর বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে বিচার দাবি করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে গতকাল সোমবার গোপন সমঝোতার চেষ্টা করে। ঘটনাটি স্থানীয় সাংবাদিক ইউএনওর নজরে নিলে তিনি উভয় পক্ষকে ডেকে পাঠান।
এ বিষয়ে প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনার পরে ছাত্রের অভিভাবককে বিদ্যালয়ে ডেকে এনে আমরা বিচারের চেষ্টা করেছি। কিন্তু ছাত্রটির অভিভাবকের পক্ষ থেকে এ বিষয়ে সহযোগিতা না পাওয়ায় বিষয়টি ইউএনওর নজরে আনা হয়। তিনি ছাত্র ও ছাত্রী উভয়ের অভিভাবককে তাঁর দপ্তরে হাজির হতে বলেন। ছাত্র ও তার অভিভাবক কেউ উপস্থিত না হওয়ায় তিনি ওই ছাত্রকে ফোর্স টিসি দেওয়ার আদেশ দেন। এ আদেশের ফলে ওই ছাত্রটি কোনো বিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। আগামীকাল মঙ্গলবার (আজ) আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ এ আদেশ অনুযায়ী ব্যবস্থা নেব।’
কাঁঠালিয়ার ইউএনও শরীফ মো. ফাইজুল আলম বলেন, ‘বিষয়টি আমার এক দিন পরে নজরে এসেছে। তাই ভ্রাম্যমাণ আদালতে বিচার করা সম্ভব হয়নি। ভ্রাম্যমাণ আদালতে বিচার তাৎক্ষণিক করতে হয়। আমার দপ্তরে বিষয়টি নিষ্পত্তির জন্য উভয় পক্ষকে ডাকা হলেও ছাত্রটি না আসায় এ আদেশ দিয়েছি।’