ছাত্রী উত্ত্যক্তের দায়ে জরিমানা
কুমিল্লার মেঘনা উপজেলায় এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে দশম শ্রেণীর এক ছাত্রকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেলে মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামছুল হক এ জরিমানা করেন।
এলাকাবাসী জানায়, উপজেলার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী বৃহস্পতিবার ইঞ্জিনচালিত ট্রলারযোগে বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রাকিব হোসেন অন্য শিক্ষার্থী ও ট্রলারের যাত্রীদের সামনে তাকে উত্ত্যক্ত করে। ওই ছাত্রী বিষয়টি প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানায়। পরে বিষয়টি মেঘনার ইউএনওকে জানানো হয়।
পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে অন্য শিক্ষার্থীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ওই ছাত্রকে ১০ হাজার টাকা জরিমানা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিকদের বলেন, রাকিব হোসেন দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। ওই ছাত্রের অভিভাবককে বিষয়টি আগেই জানানো হয়েছিল।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মেঘনার ইউএনও মো. সামছুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।