ছাত্রী উত্ত্যক্তের দায়ে তরুণের কারাদণ্ড
মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে বাপ্পারাজ (১৮) নামের এক তরুণকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও গাংনীর সহকারী কমিশনার (ভূমি) এস এম জামাল আহমেদ এ দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গতকাল বুধবার দুপুরে মহাম্মদপুর গ্রামের বাজারপাড়া এলাকায় সড়কে দাঁড়িয়ে বাপ্পারাজসহ আরও কয়েকজন তরুণ স্থানীয় একটি স্কুলের তিন ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে চিঠি দেওয়ার চেষ্টা করেন। ওই তিন ছাত্রী চিঠি নিতে না চাইলে তাঁরা তাদের টানাহেঁচড়া করেন। পরে ওই ছাত্রীরা বিষয়টি তাঁদের স্কুলের প্রধান শিক্ষককে জানায়। প্রধান শিক্ষক বিষয়টি গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে আজ সকালে গাংনী থানার পুলিশ বাপ্পারাজকে তাঁর গ্রাম থেকে আটক করে উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। একই সঙ্গে আরও দুই তরুণের অভিভাবককেও হাজির করা হয়। পরে আদালত বাপ্পারাজকে দণ্ড দেন। আর দুই অভিভাবকের কাছ থেকে এ মর্মে মুচলেকা নেওয়া হয় যে তাঁরা তাঁদের ছেলেদের শাসন করবেন। না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস এম জামাল আহমেদ প্রথম আলোকে বলেন, বাপ্পারাজকে কারাগারে পাঠানো হয়েছে।