ছাত্রী উত্ত্যক্তের দায়ে বখাটের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. আলমগীর মিয়া (২৪) নামের এক বখাটে যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ নাজমুল হক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, স্কুলে আসা যাওয়ার পথে প্রতিদিন ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন আলমগীর। আজ বিকেল সাড়ে চারটার দিকে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় ওই ছাত্রীকে টানা-হেঁচড়া করতে থাকেন আলমগীর। পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেয়।
ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে বখাটে যুবক আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের নির্বাহী হাকিম তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। রাতেই তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।