ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় তিন সাংবাদিককে পিটিয়েছে ছাত্রলীগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তিন সাংবাদিককে পিটিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। পরে সাধারণ ছাত্ররা ধাওয়া করলে ছাত্রলীগের কর্মীরা পালিয়ে যান। গতকাল রোববার রাতে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে। হামলাকারীরা জসীমউদ্দীন হলের ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত আটটার দিকে টিএসসি এলাকায় রোকেয়া হলের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও জসীমউদ্দীন হলের ছাত্রলীগ কর্মী রোবায়েত। তাঁর সঙ্গে ছিলেন সোহেল। এ সময় টিএসসিতে থাকা সাধারণ ছাত্ররা তাঁদের বকাঝকা করে আটকে রেখে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে খবর দেন। কিন্তু জসীমউদ্দীন হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী এনায়েত টিএসসিতে গিয়ে উত্ত্যক্তকারীদের নিজের কর্মী বলে তাঁদের সঙ্গে করে নিয়ে যান। এ ঘটনার পর রাত ১০টার দিকে রোবায়েত জসীমউদ্দীন হলের ছাত্রলীগের কর্মীদের নিয়ে আবারও টিএসসিতে যান। এ সময় তাঁরা ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদকারীদের ওপর হামলা চালান। তাঁরা সেখানে থাকা চ্যানেল আইয়ের নিউজরুম এডিটর শেফাউল হোসেন, এবিসির শাকিল হাসান ও রামিম হাসানকে পেটান। এতে ক্ষুব্ধ হয়ে টিএসসিতে থাকা সাধারণ ছাত্ররা একজোট হয়ে বখাটেদের ধাওয়া করলে তাঁরা পালাতে শুরু করেন। তবে ছাত্ররা তিন বখাটে লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মাহিদুল ইসলাম, রোবায়েত ও রুমীকে ধরে ফেলেন এবং তাঁদের মারধর করেন।সাধারণ ছাত্ররা জানিয়েছেন, এই বখাটেরা টিএসসি এলাকায় মেয়েদের উত্ত্যক্ত করেন। তবে রাজনৈতিক কর্মী বলে তাঁদের কেউ কিছু বলার সাহস পান না।এ বিষয়ে জানতে চাইলে কাজী এনায়েত বলেন, ‘এটা ঠিক, তাঁরা আমার কর্মী। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পুলিশে ধরিয়ে দেওয়া হবে।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, বখাটেদের শনাক্ত করে সর্বোচ্চ একাডেমিক শাস্তি দেওয়া হবে।