ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল তরুণের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রী উত্ত্যক্ত করার ঘটনার প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক তরুণ। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের পৌওতা গ্রামে গত বুধবার এ ঘটনা ঘটে। নিহত তুফান (২০) ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজন রায়হান (২২) নামের একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে রায়হান ও তাঁর সহযোগীরা স্কুলছাত্রীদের বিদ্যালয়ের যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করছিলেন। তুফানসহ কয়েকজন এর প্রতিবাদ করায় উভয়ের মধ্যে কলহের সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে বুধবার সন্ধ্যায় পৌওতা গ্রামের একটি বিদ্যালয়ের মাঠে বসে গল্প করার সময় রায়হান ১০-১২ জন সন্ত্রাসী নিয়ে তুফানের ওপর হামলা চালান এবং ছুরিকাঘাত করে তাঁকে ফেলে রেখে চলে যান। আশঙ্কাজনক অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তুফান মারা যান। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন গণপিটুনি দিলে রায়হান গুরুতর আহত হন। তিনি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজামেঞ্চল হক জানান, এ ঘটনায় তুফানের বাবা তোফাজ্জল রায়হানসহ ১০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রায়হানকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। অচেতন থাকায় রায়হানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ ব্যাপারে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।