ছাত্রী ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারলক্ষ্মীপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ গতকাল রোববার ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে। তবে শিক্ষকের দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকসহ সর্বস্তরের মানুষ গতকাল বিক্ষোভ করেছে।এজাহারের বিবরণ অনুযায়ী, গত ৯ আগস্ট বিদ্যালয় ছুটির সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেন (৫৭) মেয়েটিকে জরুরি কথা আছে বলে বসিয়ে রাখেন। বিদ্যালয়ের অন্য সব শিক্ষক ও শিক্ষার্থীরা চলে গেলে তিনি মেয়েটিকে তাঁর অফিসকক্ষে নিয়ে ধর্ষণ করেন। ঘটনা কাউকে জানালে খুন করা হবে বলে মেয়েটিকে হুমকি দেন তিনি। ভয়ে মেয়েটি এ কথা কাউকে জানায়নি। সম্প্রতি মেয়েটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, মেয়েটি অন্তঃসত্ত্বা। পরে মেয়েটি তার অভিভাবক ও চিকিৎসকের কাছে সব খুলে বলে। বিষয়টি জানাজানি হয়ে গেলে এ নিয়ে গত শনিবার রাতে পারলক্ষ্মীপুর গ্রামে খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে এক সালিস বৈঠক বসে। এতে আপসের প্রস্তাব দেওয়া হলে স্থানীয় লোকজন এর প্রতিবাদ জানায়। ফলে সালিস পণ্ড হয়ে যায়। অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে রাতেই গ্রামবাসী বিক্ষোভ করে।একই দাবিতে গতকালও পারলক্ষ্মীপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ করে। খবর পেয়ে আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মুহাম্মদ আবদুস সালাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা অভিযুক্ত শিক্ষককে শাস্তির প্রতিশ্রুতি দিলে গ্রামবাসী শান্ত হয়। এরপর গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ ওই শিক্ষকের বাড়িতে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।এদিকে ভুক্তভোগী মেয়েটি পুলিশকে জানায়, ওই শিক্ষক বিদ্যালয়ের আরও দুটি মেয়েকে ধর্ষণ করেছেন। কিন্তু ভয়ে এত দিন কেউ তা পরিবারকে জানায়নি। অভিযোগ অস্বীকার করে শিক্ষক ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। তবে কারা কী কারণে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তা তিনি স্পষ্ট করে বলতে পারেননি। তাঁর দাবি, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বিষয়টি মীমাংসা করতে তাঁর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছিলেন। এই টাকা দিলে বিষয়টি জানাজানি হতো না বলে তিনি মনে করেন। জানতে চাইলে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, সালিস বৈঠকের আয়োজন করা হয়েছিল ঠিকই। তবে তিনি প্রথমে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছিলেন। পাঁচ লাখ টাকা চাওয়ার বিষয়টি সঠিক নয় বলে তিনি দাবি করেন।ওসি মতিয়ার রহমান বলেন, পুলিশ প্রভাবমুক্ত থেকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।